রাজধানীতে ফ্যান-কারখানায় আগুন, আহত ১০ শ্রমিক
রাজধানীর মিরহাজীরবাগের একটি ফ্যান তৈরির কারখানায় আজ শনিবার বিকেলে অগ্নিকাণ্ডে কারখানাটি ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন শ্রমিক আহত হন। তাঁদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে মিরহাজীরবাগের ৬৪ বাগিচা রোডে এনকে ফ্যানের দোতলা টিনের কারখানায় আগুন লাগে। এ সময় কারখানায় নারী-পুরুষ মিলে ২৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুন লাগার পর ১৫ জন শ্রমিক কারখানা থেকে দ্রুত বেরিয়ে যান। বাকি ১০ জন আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তাঁদের শরীর আগুনে সামান্য দগ্ধ হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা দোতলা টিনের ঘরে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দিলীপ কুমার ঘোষ প্রথম আলোকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভাতে গিয়ে শ্রমিকেরা আহত হন। আগুনে কারখানাটি ভস্মীভূত হয়েছে। তবে জসীমসহ কারখানার কয়েকজন কর্মী জানান, রাসায়নিক পদার্থের সঙ্গে রং মেশানোর সময় বৈদ্যুতিক তাপ দেওয়া হচ্ছিল। এ সময় হঠাত্ রাসায়নিক পদার্থে আগুন ধরে যায়।