রাজধানীতে বস্তি উচ্ছেদে বাধা, পুলিশের গুলি
রাজধানীর শাহজাহানপুরে আজ বৃহস্পতিবার রেললাইনসংলগ্ন বস্তি উচ্ছেদের সময় পুলিশের গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন শহীদ (২০) ও তারা বেগম (৫০)।জানা গেছে, বস্তি উচ্ছেদে বাধা পেয়ে পুলিশ গুলি চালায়।হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ রেললাইনের পাশের বস্তি উচ্ছেদ করতে যায়। এ সময় বস্তিবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গুলি চালালে পাঁচজন আহত হন। তারা বেগম ও শহীদের ডান পায়ে গুলি লাগে। অন্য তিনজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, রেলওয়ে থানার পুলিশ আজ সকালে রেললাইনের পাশে অবৈধ বস্তি উচ্ছেদ করতে যায়। তবে গুলি চালানোর কথা অস্বীকার করেছেন তিনি।