রাজধানীতে বাস ও মিনিবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার বাস ও মিনিবাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পোশাক কারখানার কর্মী আকলিমা খাতুন (২৭) ও বাসের কন্ডাক্টর মো. সেলিম (৫৫)।গতকাল সকাল সাতটার দিকে বিজয় সরণির উড়োজাহাজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকার বাইরে থেকে যাত্রী নিয়ে আসা হানিফ পরিবহনের একটি বাস গাবতলীতে যাওয়ার জন্য বিজয় সরণি হয়ে উড়োজাহাজ মোড়ে উত্তর দিকের সড়কে বাঁক নেয়। তখন মিরপুর থেকে যাত্রাবাড়ীগামী শিকড় পরিবহনের একটি দ্রুতগামী মিনিবাস ওই মোড়ে এসে পড়লে গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে হানিফের বাসটি চন্দ্রিমা উদ্যানসংলগ্ন ফুটপাতে উঠে যায়। মিনিবাসটির সামনের এক পাশ দুমড়ে-মুচড়ে যায়।আকলিমা ও সেলিম মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁদের দেহ সড়কের ওপর পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, তাঁরা মিনিবাসের যাত্রী ছিলেন।পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং গাড়ি দুটি থানায় নিয়ে যায়। উভয় চালক পলাতক।নিহত আকলিমার ভগ্নিপতি মানিক খান প্রথম আলোকে বলেন, আকলিমা এক বোনের সঙ্গে মিরপুর ১১ নম্বরে থাকতেন। তিনি সে এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর শ্বশুরবাড়ি ডেমরায়। স্বামী লাকড়ির ব্যবসায়ী আলমগীর হোসেন সেখানেই থাকেন। আকলিমা ছুটির দিনে স্বামীর সঙ্গে দেখা করতে সেখানে যাচ্ছিলেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত সেলিম পেশায় বাসের (দুর্ঘটনাকবলিত বাসের নয়) ভাড়া আদায়কারী। থাকতেন মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকার পল্লবীর পলাশনগরে। ধারণা করা হচ্ছে, কাজে যোগ দিতে তিনি যাত্রাবাড়ী যাচ্ছিলেন। সূত্র জানায়, আকলিমার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুরের সরকারকান্দি গ্রামে। বাবা আলাল উদ্দিন। সেলিমের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুধাবাদে। বাবার নাম আবদুল ওহাব।গতকাল বিকেলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মৃত্যু: এদিকে গত বৃহস্পতিবার বিকেলে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং বেড়িবাঁধ এলাকায় পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মো. জহির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ খিলগাঁওয়ের মেরাদিয়ার বাসা থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।রূপনগর থানার এসআই বিমল চন্দ্র পাইন বলেন, ভ্যানের চালক শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত জহিরের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে।