রাজধানীতে বাস চাপায় প্রাণ গেল যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আজ শুক্রবার বিকেলে বাস চাপায় মানসিং হাই মার্মা (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা পৌনে তিনটার দিকে মানসিং হাই মার্মা ধানমন্ডি ২৭ নম্বরে অর্কিড প্লাজার বিপরীত দিকের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সদরঘাট থেকে গাবতলীগামী একটি বাস মানসিংকে চাপা দেয়। পথচারী রাসেল বিকেল পৌনে চারটার দিকে রক্তাক্ত অবস্থায় মানসিংকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল মমীন প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালককে ধোলাই দিয়েছে। পরে পুলিশ তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। মানসিংয়ের বাড়ি বান্দরবানের রঙছড়িতে। তাঁর বাবার নাম ওয়াসাকি কানাই। ধানমন্ডির একটি কাপড়ের দোকানের কর্মচারী মানসিং শুক্রাবাদে থাকতেন।