রাজধানীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
রাজধানীর শাহ আলী থানা এলাকায় আজ শুক্রবার বিকেলের দিকে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন খোকন (২০) ও সাহাজ উদ্দিন (৪৫)। এ ঘটনায় আল আমিন ও জহিরুল ইসলাম নামের দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবের বাঁধ নামক স্থানে বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই ভ্যানে থাকা পাঁচ ব্যক্তি গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চারজনকে পঙ্গু হাসপাতালে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা চারজনের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘নিহত সাহাজ উদ্দিন আহত আল আমিনের বাবা বলে জানা গেছে। আল আমিন ওই ভ্যানের চালক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’