রাজধানীতে বাসচাপায় আবার শিশু ও পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু হামিমের রক্তের দাগ না শুকাতেই আরেক শিশুর রক্তে লাল হয়েছে ঢাকার রাস্তা। গতকাল শুক্রবার দুপুরের এই ঘটনার আগে সকালে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন বাস চাপায়। বিমানবন্দর সড়কে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মায়ের হাত ধরে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় মর্মান্তিক মৃত্যু হয় সাত বছরের শিশু সুমি আক্তার। আহত হন মা হাসিনা বেগম (২৬) ও তাঁর ১৪ মাস বয়সী সন্তান হাসান। আহত মা-ছেলেকে সংকটজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে একটার দিকে হাসিনা বেগম হাসানকে কোলে করে এবং সুমির হাত ধরে বিমানবন্দর সড়কের ফ্যালকন টাওয়ারের কাছ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি বাস তাদের তিনজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় সুমিকে ফার্মগেটের বেসরকারি আল-রাজী হাসপাতালে এবং কোলের সন্তানসহ হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আল-রাজী হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সুমি মারা যায়। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রায় নিস্তেজ হয়ে পড়া হাসিনা ও হাসানকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাদের শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। চিকিত্সকেরা বলেছেন, মা-ছেলের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে বিকেলে সুমির নানি-দাদি হাসপাতালে ছুটে যান। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। অন্যরা আত্মীয়-স্বজন হাসপাতালে ভিড় করেন। নানি জহুরা বেগম বলেন, গতকাল বিকেলে এক ভিক্ষুক শাহীনবাগে তাঁদের বাসায় গিয়ে দুর্ঘটনার খবর দেন। এরপর তাঁরা প্রথমে আল-রাজী হাসপাতালে ছুটে যান। কিন্তু সুমিকে জীবিত পাননি। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে হাসিনা ও হাসানকে খুঁজে বের করেন। জহুরা বেগম জানান, এলাকায় গ্যাস সংকট চলছে। তাই হাসিনা সন্তানদের নিয়ে লাকড়ি কুড়াতে বের হন। তিনি জানান, হাসিনা স্বামী মঞ্জু সরকারের সঙ্গে ৭৪২, শাহীনবাগে এক কক্ষের ছাপরাঘরে থাকেন। মঞ্জু রিকশা চালান। এক হাজার ৬০০ টাকায় ভাড়া নেওয়া এক কক্ষের ওই ঘরে সুমির দাদি, ফুপু-ফুপাও থাকেন। সুমির দাদি যমুনা বেগম জানান, সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। রিকশা চালিয়ে কোনোমতে দিন চলান মঞ্জু। প্রতিবেশীদের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তাঁরা হাসপতালে এসেছেন। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় বাসায় এসে সুমির মৃত্যুর খবর শুনে বাবা মঞ্জু পাগলের মতো আল-রাজী হাসপাতালে ছুটে যান। মেয়ের লাশের ওপর আছড়ে পড়ে বিলাপ করতে থাকেন তিনি। সেখান থেকে দিশাহারা মঞ্জু ছুটে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে স্ত্রী ও সন্তানের অবস্থা দেখে তিনি কয়েকবার মূর্ছা যান। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও নম্বর সংগ্রহ করা হয়েছে। পুলিশ বাসটি আটকের চেষ্টা করছে। বাসচাপায় গার্মেন্টস কর্মীর মৃত্যু: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথ সুন্দরবন হোটেলের সামনে রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় সাইফুল ইসলাম (২৫) নামে এক গার্মেন্টস (পোশাক শ্রমিক) মারা যান। সাইফুল মালিবাগের একটি মেসে থাকতেন। গতকাল সকালে কারওয়ান বাজারে কর্মস্থল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সাইফুলের বাবার নাম আবদুল হাওলাদার। গ্রামের বাড়ি বরিশালের বিজলতলায়। তাঁর সম্পর্কে আর কোনো তথ্য জানা সম্ভব হয়নি।