রাজধানীতে বাসচাপায় দোকান কর্মচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাঁটাবন মোড়ে আজ রোববার সকালে বাসের চাপায় ওয়াসিম উদ্দিন (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের কর্মচারী ওয়াসিম উদ্দিন কাঁটাবন মোড় পার হচ্ছিলেন। এ সময় ফাল্গুনী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতরভাবে আহত হন। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। ওয়াসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।