রাজধানীতে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
রাজধানীর রমনা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মিনিবাসের চাপায় রিয়া আক্তার নামে একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে রিয়া আক্তার ২৩ নম্বর ডিআইটি সড়কের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার সময় বন্ধু পরিবহনের একটি মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ওই বাসের সামনে গিয়ে পড়েন। পরে বাসটি কিছুক্ষণের জন্য থেমে আবার দ্রুতগতিতে তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রিয়ার মৃত্যু হয়।ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর ও সড়ক অবরোধ করে বলে জানা গেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান প্রথম আলোকে জানান, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা একজোট হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকলে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। মিনিবাসটিকে আটক করা হয়েছে।এ ব্যাপারে একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।