রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার মিনিবাসের চাপায় একজন তৈরি পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাস ভাঙচুর ও সড়ক অবরোধ করে। নিহত পোশাকশ্রমিকের নাম রিয়া আক্তার (২০)। পুলিশ মিনিবাসটি আটক করেছে। তবে এ ব্যাপারে তাঁদের দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল পৌনে আটটার দিকে রিয়া ২৩ নম্বর ডিআইটি সড়কে রাস্তা পারাপারের অপেক্ষায় ছিলেন। ফাঁকা দেখে তিনি সড়ক পার হওয়ার সময় মৌচাকের দিক থেকে আসা বন্ধু পরিবহনের দ্রুতগামী মিনিবাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। বাসটি মুহূর্তের জন্য থামিয়ে চালক আবার তাঁর গায়ের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর রক্তের দাগ দেখা যায়। সড়কের বিভিন্ন জায়গায় গাড়ির ভাঙা কাচের টুকরো পড়ে ছিল। সড়কের বিপরীত পাশে ১০-২০ গজ পূর্ব দিকে রিয়ার কর্মস্থল আল-মুসলিম গার্মেন্টস। কর্মস্থলে যেতেই রাস্তা পার হচ্ছিলেন তিনি। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান প্রথম আলোকে বলেন, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় তারা একজোট হয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ওসি আরও জানান, ঘটনার পর চালক মিনিবাসটি নিয়ে দ্রুত চলে যায়। পরে মালিকের গ্যারেজ থেকে মিনিবাসটি আটক করা হয়। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।তবে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, মিনিবাসটি আটক করা যায়নি। বরং ওই পরিবহনের অন্য একটি মিনিবাস আটক করা হয়েছে। রিয়াকে চাপা দেওয়া মিনিবাসের নম্বর হচ্ছে ঢাকা মেট্রো-ছ-১১-২৩৫৯। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, মেয়ের মৃত্যুতে বিলাপ করছেন তাঁর মা হোসনে আরা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘রিয়া গার্মেন্টসে তিন হাজার টাকা বেতনে কাজ শুরু করেছিল। গত সোমবার রাতেই সে আমাকে বলেছিল, গার্মেন্টসে তার ওভারটাইম শুরু হবে। এখন থেকে সে পাঁচ হাজার টাকা করে পাবে। আমার টাকা লাগবে না, মা, তুই ফিরে আয়।’ রিয়ার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগ্রাম এলাকায়। বাবা হারুন গাজী। তিনি পেশায় রাজমিস্ত্রি। রিয়া মায়ের সঙ্গে মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের পেছনের গলিতে একটি মেসে থাকতেন।