রাজধানীতে বাসায় দুই যুবক খুন
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ দুজন খুন হয়েছেন।আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে। তাঁদের একজনের নাম খায়রুল বাশার। তিনি কোকোলা ফুডের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপরজনের নাম রাজীব। তিনি বেসরকারি গ্রিন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, শেরেবাংলা নগর থানা এলাকার শেওড়াপাড়ার শামীম সরণির একটি চারতলা ভবনের দোতলার দুটি কক্ষ থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কক্ষ দুটিতে তিনটি কম্পিউটার ছিল, যা পাওয়া যাচ্ছে না। বাসাটি ভাড়া নিয়ে মেস করে কয়েকজন ছাত্র ও চাকরিজীবী থাকতেন।বাড়িওয়ালা সাইদুর রহমান জানান, আজ জুমার নামাজের পর বাড়িতে ঢোকার সময় মেসের করিম নামের একজন তাঁকে জানান, দোতলার ওই বাসার দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ভেতর থেকে ছিটকিনি লাগানো। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে রুমে লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন।পরিদর্শক মারুফ জানান, এই বাসাটি দুটি ইউনিটে বিভক্ত। দোতলার একটি ইউনিটে ছয়জন এবং অন্যটিতে সাতজন থাকতেন। এর মধ্যে দুজন গ্রামের বাড়িতে গেছেন। করিম আর ফারুক নামের দুজন সকালে কর্মস্থলে যান। বাকি একজন কোথায়, তার কোনো হদিস পাওয়া যায়নি। তাঁর নাম মিলন। করিম-ফারুকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।