রাজধানীতে বাসের ধাক্কায় খাদ্য পরিদর্শক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টন এলাকায় আজ শুক্রবার সকালে একটি বাসের ধাক্কায় একজন সিএনজি অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহত লিয়াকত হোসেন (৪৫) বরিশাল জেলায় খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বরগুনা শহরের কলেজ স্টেশন রোডে তাঁর বাড়ি। লিয়াকত হোসেনের ভাইয়ের ছেলে মো. শাহীন প্রথম আলো ডটকমকে জানান, লিয়াকত তাঁর স্ত্রী শাম্মীকে বরিশালে নিয়ে যেতে আত্মীয় গোলাম কিবরিয়ার সঙ্গে আজ ভোরে ঢাকায় আসেন। সকাল সাতটার দিকে পুরানা পল্টনে ইউবিএল ক্রসিংয়ে তাঁদের বহনকারী অটোরিকশাকে মন্ত্রণালয়ের একটি স্টাফ বাস পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে লিয়াকত আর কিবরিয়া আহত হন।ঘটনাস্থলে উপস্থিত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল আটটার দিকে কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা লিয়াকতকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।