রাজধানীতে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, আটক ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।মৌচাক: বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেলা সাড়ে পাঁচটার দিকে মৌচাক থেকে মালিবাগগামী দুটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগিয়ে দেয়। জাহাঙ্গীর গেট এলাকা: বেলা আড়াইটার দিকে পুলিশ জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থান নেওয়া বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওযা হয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও লাঠিপেটা ও জলকামান দিয়ে তাদের সরিয়ে দেয়।নয়াপল্টন: বিএনপির নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির গাড়ি ভাঙচুর এবং নিউএজের ফটোসাংবাদিক সানাউল্লাহর মোটরসাইকেল পুড়িয়ে দেয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ সময় অন্তত ২০ জনকে পুলিশ আটক করেছে। ফকিরাপুল: বেলা একটার দিকে বিএনপির নেতা-কর্মীরা ফকিরাপুল এলাকায় ‘শ্রাবণ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। পাইকপাড়া: দুপুরে মিরপুরের পাইকপাড়ায় ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। পুরান ঢাকা: বেলা একটার দিকে ভিক্টোরিয়া পার্ক এলাকায় ঢাকা মেট্রো গ-১১-৩৮১৩ বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিএনপির নেতা-কর্মীরা।হাইকোর্ট প্রাঙ্গণ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন।