রাজধানীতে বিক্ষিপ্ত ঘটনা বাদে শিথিল হরতাল
বিভিন্ন মাত্রায় সহিংসতার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৮ দলীয় জোটের হরতাল পালিত হয়েছে। রাজধানীতে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া হরতাল ছিল ঢিলেঢালা। গতকাল হরতাল চলার সময় রাজধানীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল বের করা হয়। কয়েকটি স্থানে পিকেটাররা ককটেল ফাটায়। যান চলাচল ছিল কম। বড় সড়কের দোকানপাটও বন্ধ ছিল। বাসাবো বালুর মাঠ এলাকায় হরতাল-সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিক আহত হন।হরতাল চলাকালে রাজধানীতে অন্তত তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি। সকালে নয়াপল্টন থেকে বিএনপির চারজন নারী সাংসদকে আটক করে পুলিশ। সাংসদদের আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁদের সঙ্গে নারী পুলিশের ধস্তাধস্তি হয়। এতে নারী পুলিশ কনস্টেবল শরীফা আক্তার আহত হন। তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি দাবি করেছে, হরতালের সময় রাজধানীতে তাদের ৪১ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশের লাঠিপেটা ও গুলিতে আহত হয়েছে ৫৮ জন। তবে পুলিশ বলেছে, তারা ২৮ জনকে গ্রেপ্তার করেছে। চার নারী সাংসদ আটক, পরে মুক্ত: সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে গেলে দলের চার নারী সাংসদকে বাধা দেয় সেখানকার কর্তব্যরত পুলিশ। পরে ওই চার সাংসদ সৈয়দা আসিফা আশরাফি, রাশেদা বেগম, শাম্মী আক্তার ও রেহানা আক্তার রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কয়েকজন নারী পুলিশ তাঁদের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পথে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বিএনপির সাংসদেরা। গাড়িটি বিজয়নগর মোড়ের কাছে স্কাউট ভবনের সামনে এলে দরজার কাছে বসা কনস্টেবল শরীফা আক্তার পড়ে যান। তাঁর ওপর পড়েন সাংসদ শাম্মী আক্তার। এতে শরীফার হাত ছড়ে যায়। তিনি সড়কের ওপর শুয়ে পড়ে বমি করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদি হাসান বলেন, ‘সাংসদ শাম্মী আক্তার কনস্টেবল শরীফার ওপরে পড়ায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’চার সাংসদকে আটক করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রায় আট ঘণ্টা আটক রাখা হয়। এরপর সন্ধ্যা সাতটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিএনপির কার্যালয় ঘিরে পুলিশ: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বরাবরের মতো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দলের কয়েকজন নেতা-কর্মী দিনভর কার্যালয়ের প্রবেশপথে অবস্থান করেন। সকাল সাড়ে নয়টার দিকে ভেতর থেকে ফটকের তালা লাগিয়ে দেন দলের নেতা-কর্মীরা। মূল ফটকের ভেতরে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ। দুপুর সাড়ে ১২টার দিকে জোনাকি সিনেমা হলের বিপরীত দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তিন জায়গায় বাসে আগুন: বেলা ১১টার দিকে মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনের রাস্তায় থেমে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। এটি ছিল সাধারণ বীমা করপোরেশনের একটি স্টাফ বাস। বাসের চালক খোকন বলেন, সকালে সাধারণ বীমার কর্মচারীদের নামিয়ে গাড়িটি সেখানে রাখা হয়। তিনি ও অন্যরা বাসের পাশেই ছিলেন। হঠাৎ করে দেখেন গাড়িতে আগুন জ্বলছে। উত্তরা ১১ নম্বর সেক্টরে সকাল পৌনে আটটার দিকে একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া সায়েন্স ল্যাবরেটরির কাছে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেন হরতালকারীরা। ককটেল বিস্ফোরণ: বেলা ১১টার দিকে মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টিতে পুলিশের গাড়িতে দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ সময় গাড়িতে কেউ ছিল না বলে হতাহতের ঘটনা ঘটেনি। শাহবাগে রূপসী বাংলা হোটেলের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।