রাজধানীতে বিক্ষিপ্ত ভাঙচুর, ককটেল ও আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল। আজ সকালে হরতালের সমর্থনে কোনো পিকেটিং না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরাবরের মতো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা রাজপথে টহল দিচ্ছেন। সকালের দিকে প্রধান প্রধান সড়কে কর্মমুখী মানুষের ভিড় থাকলেও দোকানপাট তেমন খোলা দেখা যায়নি।হরতালে রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি

মিরপুর:

মিরপুরের গাবতলী পর্বত সিনেমা হলের সামনে থেকে সকাল সোয়া ছয়টার সময় যুবদলের ব্যানার নিয়ে সাত-আটজন হরতাল-সমর্থক একটি মিছিল বের করার চেষ্টা করেন। মিছিল নিয়ে গাবতলী বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে যাওয়ার সময় রাস্তায় থেমে থাকা একটি বাসে হামলা চালানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যান। হরতালের কারণে আজ সকালে গাবতলী বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।এদিকে, সকাল আটটার দিকে মিরপুর ৬ নম্বর সেকশন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। এর আগে সকাল সাতটায় ১১ নম্বর সেকশনে কালসী রোডে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক সালাউদ্দিন আহমেদ।

হাতিরঝিল:

সকাল সোয়া আটটার দিকে হাতিরঝিল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয় হরতালকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হরতালকারীরা একটি মিছিল করার সময় একটি চলন্ত অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন এসে অটোরিকশার আগুন নিভিয়ে ফেলে।

কমলাপুর:

দক্ষিণ কমলাপুর এলাকায় আইসিডি মোড়ে সকাল সোয়া আটটার দিকে চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। মতিঝিল থানার ভ্রাম্যমাণ পরিদর্শক শেখ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তেজগাঁও:

সকাল সাড়ে ছয়টায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে। পুলিশ জানায়, সকালে ফাঁকা এই এলাকায় তিনটি ককটেল ছোড়ে হরতালকারীরা। একটি ককটেল বিস্ফোরিত হয়।

মতিঝিল:

সকাল সোয়া ১০টায় মতিঝিলে নটর ডেম কলেজের বিপরীতে দৈনিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার কার্যালয়ের গলির সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর ওই গলির মুখে বাস কাউন্টারগুলোর সামনে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার পর ‘নয়া দিগন্ত’-এর কার্যালয়ের গলির আশপাশে তল্লাশি চালায় পুলিশ।

নয়াপল্টন:

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপির নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় থেকে হরতাল পালনের জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোনো ‘পিকেটিং স্পট’ রাখা হয়নি। তিনি দাবি করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।

সংসদ ভবন:

জাতীয় সংসদ ভবন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপিদলীয় ছয়জন সাংসদ। সকালে বিএনপির সাংসদ মাহবুব উদ্দিন, নাজিম উদ্দিন, মহিলা সাংসদ রেহানা আক্তার, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম ও নিলুফার বেগম সংসদের দক্ষিণ প্লাজায় মিছিল করেন।