রাজধানীতে বিক্ষিপ্ত ভাঙচুর, ককটেল ও আগুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকে ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হয়েছে ঝটিকা মিছিল।

হরতালে রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতি

নয়াপল্টন

সকাল আটটার দিকে নাইটিঙ্গেল মোড় এলাকার একটি গলি থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশ আসতে দেখে মিছিলকারীরা পালিয়ে যায়। পুলিশ এ সময় কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং সেখান থেকে দুজনকে আটক ও একটি তাজা ককটেল উদ্ধার করে।

ধোলাইরপাড়

সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার ধোলাইরপাড় মোড় এলাকা থেকে ছাত্রশিবিরের মহানগর (পূর্ব) কমিটির ৪০-৫০ জন নেতা-কর্মী আকস্মিক মিছিল বের করেন। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে দুজনকে আটক করা হয়। মিছিলকারীরা পালানোর সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। সকাল সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার আহসান মঞ্জিলের সামনে থেকে ছাত্রশিবির একটি মিছিল বের করে। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগের কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিবিরের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মিরপুর

মিরপুর ১ নম্বর সেকশনে মাজার রোডে প্রাইম ইউনিভার্সিটির সামনে সকাল ছয়টার দিকে হরতালের সমর্থকেরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা পোশাকশ্রমিক বহনকারী একটি বাস ভাঙচুর করে। সকাল সাড়ে সাতটার দিকে মিরপুরের সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবিরের কর্মীরা। তবে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল আটটার দিকে মিরপুর কমার্স কলেজের সামনেও শিবিরকর্মীরা মিছিল করার চেষ্টা চালান। পুলিশের ধাওয়া খেয়ে তাঁরা পালিয়ে যান। এ সময় সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময় মিরপুর বাঙলা কলেজের সামনে দুই-তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে তাদের মোটরসাইকেল রেখে পালিয়ে যায় হামলাকারীরা। মোটরসাইকেলটি দারুসসালাম থানায় নেওয়া হয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানান থানার উপপরিদর্শক নাসির উদ্দিন।

সেগুনবাগিচা

সকাল সাড়ে আটটার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ

সকাল সাড়ে আটটার দিকে পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা যানবাহনে ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশ কয়েক দফা রাবারের গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুরান ঢাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও দোকানপাট বন্ধ রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রীসংখ্যা তুলনামূলক কম।

নগরের যান চলাচল

ভোর থেকেই পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য নগরের গলি থেকে রাজপথে অবস্থান নিয়েছেন। প্রধান সড়কে রিকশা চলাচল স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি। কিছু বাস, সিএনজিচালিত অটোরিকশা চললেও ব্যক্তিগত গাড়ি একেবারে নেই বললেই চলে। বাসস্ট্যান্ডগুলোর সামনে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা গেছে। তবে বাস টর্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।