রাজধানীতে বিক্ষিপ্ত সংঘর্ষ
বিএনপির ডাকা দ্বিতীয় দিনের হরতালেও রাজধানীর কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতালকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। হরতালের পক্ষে মিছিল নিয়ে রাস্তায় নামামাত্র পুলিশ ধাওয়া দিয়েছে। হরতাল শেষে সন্ধ্যায় দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।গতকাল সোমবার হরতাল চলাকালে গুলশান এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের রাত পৌনে আটটার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। নির্ধারিত সময়ের পর তাঁদেরকে আদালতে হাজির করায় মহানগর হাকিম মনিরুজ্জামান রিমান্ডের শুনানি নেননি। তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আজ মঙ্গলবার রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। বিএনপি দাবি করেছে, গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলটির ৭৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে মহানগর পুলিশ বলছে, মোট গ্রেপ্তার করা হয়েছে ৪১ জনকে।এদিকে গতকালও হরতালের বিরোধিতা করে রাজধানীর বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবারও তাঁরা মাঠে থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।ঘটা করে সমর্থন দিলেও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর কাউকে হরতালের সমর্থনে মাঠে দেখা যায়নি। গতকাল রাজধানীতে যানবাহন চলাচল আগের দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। তবে বেশির ভাগ বিপণিবিতান, দোকানপাট বন্ধ ছিল। দূরপাল্লার বাস-ট্রাক চলেনি। ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বিএনপির নেতা ও সাবেক সাংসদ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে বিএনপি এই হরতাল ডাকে। একই দাবিতে দলটি আগের দিন রোববারও সারা দেশে হরতাল করেছে। আজ মঙ্গলবারও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে দলটি।দুটি গাড়িতে আগুন: ফায়ার সার্ভিস সূত্র জানায়, হরতাল শেষে গতকাল সন্ধ্যা সাতটার দিকে কয়েকজন যুবক নয়াপল্টনে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি পুলিশের রিক্যুইজিশন করা ছিল। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসের এক-তৃতীয়াংশ পুড়ে যায়। প্রায় একই সময়ে মৎস্য ভবনের সামনে চিড়িয়াখানা-গুলিস্তান গন্তব্যে চলাচলকারী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।অবরুদ্ধ বিএনপির কার্যালয়: আগের দিনের মতো গতকালও ভোর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রাখে পুলিশ। অল্প কয়েকজন কেন্দ্রীয় নেতা ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ চারজনকে আটক করে। ভোরে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দিনের বিভিন্ন সময়ে সেখানে ছোট ছোট কয়েকটি মিছিল হয়েছে। বেলা তিনটায় ভাসানী মিলনায়তনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।সকালে কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে ফেরত দেওয়া না হলে আন্দোলন কঠোরতর হবে। সরকার শান্তিপূর্ণভাবে হরতাল করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংসদ ভবন চত্বরে বিক্ষোভ: ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সংসদ ভবন চত্বরে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছেন বিরোধীদলীয় সাংসদেরা। বেলা পৌনে ১০টার দিকে সংসদ ভবনের পশ্চিম পাশ থেকে প্রথম মিছিল বের হয়। মিছিল নিয়ে সংসদ ভবনের পূর্ব পাশে এসে সাংসদেরা সমাবেশ করেন। পরে আবারও মিছিল সংসদ ভবন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অভিযোগ করেন, ‘ভারতীয় গোয়েন্দা সংস্থা “র” শেখ হাসিনার মাথা ধোলাই করেছে। সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে দিশেহারা সরকার গুমের রাজনীতি শুরু করেছে।’গ্রিন রোডে গাড়ি ভাঙচুর: গ্রিন রোডে ছাত্রদলের ৩০-৩৫ জন কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি টেম্পো ভাঙচুর করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়: ভোর সাড়ে ছয়টায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার একটি মিছিল মেডিকেল কলেজের সামনে থেকে বের হলে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠিপেটায় সংগঠনের নেতা সাইফুল ইসলাম, সাদিউল কবির, জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির আহত হন। হুমায়ুন কবির নামের এক কর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে হরতালের প্র্রতিবাদে বেলা ১১টায় ছাত্রলীগ মধুর ক্যানটিন থেকে একটি মিছিল বের করে।মালিবাগ: সকাল ১০টা ২০ মিনিটে মালিবাগের সাফেনা হাসপাতালের পাশের গলি থেকে ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ পশ্চিম মালিবাগের ২১ নম্বর প্যারাডাইস দিশারী অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে আনোয়ার, জসীম ও শাহ আলম নামের তিনজনকে পিকেটার সন্দেহে আটক করে। এ সময় স্থানীয় বাসিন্দারা আনোয়ারকে সংগীতশিল্পী শবনম মুশতারীর ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক ও শাহ আলমকে রংমিস্ত্রি বলে দাবি করেন।শাহজাহানপুর: সকাল সাড়ে নয়টার দিকে মতিঝিল এজিবি কলোনি থেকে বিএনপির কর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কলোনির ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়। আধঘণ্টা পর মির্জা আব্বাসের বাড়ির পাশে সংগঠিত হয়ে আবার মিছিল করার চেষ্টা করা হয়। আবারও পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া সকাল আটটার দিকে ফকিরাপুল কাঁচাবাজারের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। সেখান থেকে পুলিশ সন্দেহভাজন চারজনকে আটক করে।আইনজীবীদের মিছিল: বেলা ১১টায় হরতালের সমর্থনে বিএনপির সমর্থক আইনজীবীরা মিছিল বের করেন। মূল ফটকে পুলিশ মিছিলটি আটকে দিলে সেখানে আইনজীবীরা সমাবেশ করেন। সমাবেশে বক্তারা ইলিয়াস আলীকে ১২ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে সরকারের প্রতি আহ্বান জানান।নিম্ন আদালতের চত্বরেও বিএনপি-সমর্থক আইনজীবীরা মিছিল করেছেন। এ সময় জেলা পরিষদ ভবনের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়।মিরপুরে হরতালবিরোধী মিছিল: মিরপুর ১ নম্বরে বিভিন্ন সময়ে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা। সেখানে হরতালের সমর্থনে কোনো পিকেটিং হয়নি। তবে আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে।মহাখালীতে ধাওয়া: সকাল সাড়ে নয়টার দিকে মহাখালীতে ছাত্রদল একটি মিছিল বের করে। পুলিশ ও তিতুমীর কলেজ ছাত্রলীগ ধাওয়া করলে ছাত্রদলের নেতা-কর্মীরা গলির ভেতর ঢুকে যান।