রাজধানীতে বিচ্ছিন্ন ঘটনায় ৩৬ ঘণ্টার হরতাল শুরু (ভিডিও)
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই রাজধানী ঢাকায় চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে। কাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে। তবে পয়লা বৈশাখে আদিবাসীদের বৈসাবি, বিজু ও সাংগ্রাই উত্সব উপলক্ষে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি হরতালের আওতামুক্ত থাকবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে। প্রধান প্রধান সড়কে পুলিশ ও র্যাবের সদস্যরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দলগুলোকে নিয়মিত টহল দিতে দেখা গেছে।প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া কিছু প্রাইভেটকারসহ বিআরটিসির বাস ও গণপরিবহনগুলো চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মজীবী মানুষ ও যানবাহনের সংখ্যা বাড়ছে।অন্যান্য হরতালের মতো আজ রাজধানীতে তেমন কোনো সহিংস পিকেটিং লক্ষ করা যায়নি। বেলা ১১টা পর্যন্ত রাজধানীতে বড় ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন এলাকায় হরতালের পক্ষে মিছিল হয়েছে। কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে।টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন ঢাকার আন্তজেলা বাস টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।নয়াপল্টন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সকাল সোয়া আটটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এ সময় পুলিশ প্রথমে তাঁকে কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। এতে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। তবে একপর্যায়ে তাঁকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়। এ সময় শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার বিএনপির সব নেতা-কর্মীকে জেলে ঢুকিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। বর্তমান সরকার দেশকে কারাগারে পরিণত করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নয়াপল্টনে দলটির নেতা-কর্মীদের উপস্থিতি নেই বললেই চলে।সংসদ ভবন এলাকা: হরতালের সমর্থনে বিএনপির সাংসদেরা আজ সকাল পৌনে নয়টার দিকে সংসদ ভবনের পূর্ব টানেল চত্বরে মিছিল বের করেন। পরে তাঁরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। দলের পাঁচ নারী সাংসদসহ ১২ জন সাংসদ এই মিছিল ও সমাবেশে অংশ নেন। তাঁরা হলেন: রাশেদা বেগম, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী, রেহানা আক্তার, সৈয়দা আসিফা আশরাফি, হারুনুর রশিদ, মেজবাহ উদ্দিন, আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফউদ্দিন, গোলাম মোস্তফা, নাজিমুদ্দিন প্রমুখ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন। এ সময় পুলিশ ছিল সতর্ক অবস্থানে। বিএনপির সাংসদেরা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। তাঁরা বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। দমন-নিপীড়ন চালাচ্ছে। মামলা ও গ্রেপ্তার করে তাঁদের দমানো যাবে না বলে উল্লেখ করেন তাঁরা। একই সঙ্গে বিএনপির সাংসদেরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন।যাত্রাবাড়ী: আজ সকালে হরতাল শুরুর সঙ্গে সঙ্গে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ তাঁদের বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। মিরপুর: সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাঙলা কলেজের সামনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের করা হয়। পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে পেট্রলের একটি বোতল উদ্ধার করা হয়েছে বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন মিরপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন। এ ছাড়া একই সময় দক্ষিণ বিশিল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।