রাজধানীতে বিদ্যুত্স্পৃষ্টে প্রাণ গেল দুজনের
রাজধানীর মিরপুর ও কদমতলীতে আজ শনিবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলো ময়না বেগম (৪০) ও আলমগীর হোসেন (১৪)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে ময়না বেগমকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা সাংবাদিকদের জানান, ময়না কদমতলী থানার পূর্ব জুরাইনের বাসিন্দা। গত কয়েক দিনের বৃষ্টির কারণে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ বিকেলে বাসার সামনে জলাবদ্ধ স্থানে দাঁড়িয়ে ওপরে রশিতে কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, জলাবদ্ধ ওই জায়গায় বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। তারের সঙ্গে ছোঁয়া লাগায় বা পানিতে বিদ্যুত্ সঞ্চালিত হওয়ায় এ ঘটনা ঘটেছে। এদিকে প্রায় একই সময়ে মিরপুরের মনিপুরের মোল্লাপাড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয় আলমগীর হোসেন নামের এক কিশোর। সে পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত। আজ বিকেলে গাছে উঠে আম পাড়ছিল সে। সেখানে বিদ্যুতের তারের সঙ্গে ছোঁয়া লেগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। এর আগে ১৪ মে যাত্রাবাড়ীতে আম পাড়তে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মারা যান নাসিমা বেগম (৪৫) নামের এক নারী। গত বৃহস্পতিবার জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে আওলাদ হোসেন (৩০) ও সাগর তালুকদার (২৫) নামের দুই ব্যক্তি মারা যান।