রাজধানীতে বেওয়ারিশ কুকুর মারা লাভজনক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষ্যে প্রায় প্রতিদিন রাজধানীতে বেওয়ারিশ কুকুর মারছে। কাগজে-কলমে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭২টি কুকুরের প্রাণ নেয় ডিসিসির কুকুর নিধনকারী দল। একটি কুকুর মারলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ টাকা করে দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে, যত কুকুর মারা হয়, দেখানো হয় তার চেয়ে বেশি। বেওয়ারিশ কুকুর নিধনের সঙ্গে জড়িত থেকে অনেকেই লাভবান হচ্ছেন।ডিসিসির স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, রাস্তার কুকুর নিধনের কাজ চলছে তিন দশক ধরে। বর্তমানে রাজধানীতে দুটি দল নিয়মিত কুকুর মারে। প্রতি দলে তিনজন করে সদস্য আছেন। সিটি করপোরেশনের প্রাণিচিকিৎসক আজমত আলী প্রথম আলোকে বলেন, দুটি দলই প্রতিদিন সকালে কুকুর নিধনে বেরিয়ে পড়ে। কোনো এলাকায় গিয়ে সাঁড়াশির মতো যন্ত্র দিয়ে তারা কুকুরের কোমর ও ঘাড় ধরে। এরপর ইনজেকশন দিয়ে কুকুরটি মেরে ফেলে। মৃত কুকুরগুলো গাড়িতে করে মাতুয়াইলের বর্জ্য ফেলার স্থানে নিয়ে আবর্জনার নিচে চাপা দেওয়া হয়। ডিসিসির স্বাস্থ্য বিভাগের ভেটেরিনারি-বেওয়ারিশ কুকুর নিধন শাখা থেকে পাওয়া বিলে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাসে ‘ক’ দল ৯৪০টি এবং ‘খ’ দল ৯৪৮টি বেওয়ারিশ কুকুর নিধন করেছে। অর্থাৎ ২৬ দিনে এক হাজার ৮৮৮টি কুকুর মারা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ঈদে মিলাদুন্নবী এবং ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটির কারণে ওই দুই দিন দল দুটি কোনো কুকুর নিধন করেনি। তবে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও কুকুর নিধন বন্ধ থাকেনি। প্রধান স্বাস্থ্য কর্মকর্তার স্বাক্ষরিত বিলে দেখা যায়, প্রতিটি কুকুর নিধনের জন্য ৪০ টাকা করে দেওয়া হয়েছে। ‘ক’ দল পেয়েছে ৩৭ হাজার ৬০০ টাকা এবং ‘খ’ দল পেয়েছে ৩৭ হাজার ৯২০ টাকা।সূত্র জানাচ্ছে, বছরের পর বছর এভাবেই কুকুর নিধনের বিল দিয়ে যাচ্ছে ডিসিসি। কতটি কুকুর মারা হচ্ছে, তা যাচাই না করেই এই বিল দেওয়া হচ্ছে। অন্যদিকে ঢাকা শহরে কুকুরের সংখ্যা নিয়ে নির্দিষ্ট তথ্য নেই কোনো দপ্তরে। ডিসিসির ‘নিধন করা’ কুকুরের সংখ্যার সঙ্গে প্রকৃত সংখ্যার মিল নেই। অনেকে মনে করেন, প্রতিদিন এত কুকুর মারলে ঢাকা শহরের রাস্তায় কোনো কুকুর থাকার কথা নয়।ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিনও স্বীকার করেন, যা কুকুর মারা হয় সংখ্যায় তার চেয়ে বেশি দেখানো হয়। গত ২৮ মার্চ সকাল নয়টার দিকে এই প্রতিবেদক মাতুয়াইলের বর্জ্য ফেলার স্থানে গিয়ে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসব ব্যবসায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বর্জ্যের স্তূপ থেকে কাচ, বোতল, প্লাস্টিক, টিউবলাইট, পলিথিন, টিনের টুকরো, কাঠ, তার, লোহা কুড়িয়ে নেন। এঁরা জানিয়েছেন, দিনে পাঁচ থেকে ১০টি মৃত কুকুর এখানে আনা হয়। ৫০টির বেশি কুকুর খুব কম দিনই আনা হয়। মাতুয়াইলে কর্মরত সিটি করপোরেশনের ভূমি নির্দেশক সোহেল রানা জানালেন, দিনে ১০ থেকে ২০টি কুকুর ফেলা হয়। আবার কোনোদিন একটিও কুকুর আসে না। অন্য কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, আর্শ্বিন-কার্তিক মাসে কুকুরে বাচ্চা দেয়। সে সময় বাচ্চা কুকুর নিধনের পরিমাণও বাড়ে। ঢাকা সিটি করপোরেশনের প্রাণিচিকিৎসক আজমত আলী প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের কুকুর নিধন প্রকল্পের আওতায় কুকুর মারা হয়। এই কাজে সিটি করপোরেশনের বেতনভুক্ত প্রশিক্ষিত লোক রয়েছে। প্রতিদিন তিন থেকে সাড়ে তিন ঘণ্টা কুকুর নিধনের কাজ চলে।ঢাকা শহরে এত কুকুর কোথা থেকে আসে জানতে চাইলে ডিসিসির কর্মকর্তারা বলেন, একটি কুকুর বছরে প্রায় এক ডজন বাচ্চা দেয়। তাই এদের সংখ্যা এত বেশি।তবে প্রাণিসম্পদ গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন জানান, কুকুর ভাদ্র মাসে বাচ্চা প্রসব করে। একটি কুকুর বছরে পাঁচ থেকে সাতটি বাচ্চা প্রসব করে।অন্যদিকে কুকুর ধরে মেরে ফেলাকে অনেকেই সমর্থন করছেন না। সম্প্রতি একটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতের স্ত্রী এর বিরোধিতা করেছেন। সিটি করপোরেশনও বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবছে।এ ব্যাপারে ডিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কুকুরের বন্ধ্যাকরণের বিষয়টি তাঁরা গুরুত্ব দিয়ে ভাবছেন। এ ব্যাপারে তাঁরা প্রকল্প-প্রস্তাবনা তৈরি করেছেন।