রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারীরা
ঈদ সামনে রেখে রাজধানীতে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপও এ ক্ষেত্রে কার্যকর হচ্ছে না। ছিনতাইকারীদের ধরতে গিয়ে র্যাব সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের কিছু সদস্যও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছেন।ছিনতাই বৃদ্ধির বিষয়টি পুলিশ ও র্যাব স্বীকার করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাব অনুযায়ী, গত মে মাসে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয় ২৩টি। জুন মাসে হয়েছে ১৯টি। তবে গত এক মাসে (২৪ জুন থেকে ২৩ জুলাই) মামলা হয়েছে ৩৪টি। পুলিশের হিসাবেই গত এক মাসে ছিনতাই বেড়েছে।অবশ্য ভুক্তভোগী ও বেসরকারি হিসাবে, গত এক মাসে ছিনতাই হয়েছে দেড় শতাধিক। রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এ সময়ে ছিনতাইকারীদের হাতে আহত অন্তত ৮০ জন চিকিৎসা নিয়েছেন। প্রথম আলোয় আসা অভিযোগ অনুযায়ী, ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত ১০ দিনে ঢাকার ২০টি স্থানে ৪৫টি ছিনতাই হয়েছে।পবিত্র রমজান ও ঈদ সামনে রেখে গত ৩০ জুন ডিএমপি সদর দপ্তরে আইনশৃঙ্খলা ও ছিনতাই নিয়ন্ত্রণে রাখতে সভা হয়। সভায় ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ তল্লাশি চৌকি ও টহল কার্যক্রম জোরদার করার এবং পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোকে সক্রিয় করার নির্দেশ দেন। বিভিন্ন স্থানে তল্লাশি চৌকিও বসেছে। অবশ্য তল্লাশি চৌকি বেশির ভাগই করা হয় রাতে। এ ছাড়া বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তাঁদের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কমে গেছে। ফলে ছিনতাই বাড়ছে।পুলিশ ও র্যাব কর্মকর্তারা দাবি করেন, ছিনতাইকারী গ্রেপ্তার হলেও কয়েক দিনের মাথায় জামিনে বেরিয়ে এসে আবার ছিনতাই করছে। ফলে ছিনতাই কমাতে ও তাদের আবার গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে। পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানার সাদা পোশাকের (সিভিল টিম) কিছু সদস্যের বিরুদ্ধেও ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ বেড়েছে।যেমন: ১৭ জুলাই ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে রিকশাচালক উজ্জ্বল, মাসুদ ও আক্কাস আলীকে একটি মাইক্রোবাসে তুলে ১২ ঘণ্টা আটকে রেখে পিটিয়ে তাঁদের স্বজনদের কাছ থেকে ২৩ হাজার টাকা ছিনিয়ে নেন শেরেবাংলা নগর থানার সিভিল টিমের পাঁচ সদস্য। এ ঘটনায় উজ্জ্বল শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, এএসআই জাহিদুর রহমান এবং তিন কনস্টেবল একরাম হোসেন, মো. আবদুল্লাহ ও জহিরুল ইসলামের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তার পুলিশ সদস্যদের স্বজনেরা উজ্জ্বলকে অপহরণ করে আদালত প্রাঙ্গণে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের কাগজে সই নেন। উজ্জ্বল প্রথম আলোকে জানান, তিনি এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের অভিযোগে পুলিশের ওই পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে সিভিল টিমের সবাই অপরাধের সঙ্গে যুক্ত নন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিএমপি ছিনতাই হয় এমন ৪৪৪টি স্থান চিহ্নিত করে ছিনতাই প্রতিরোধে নির্দেশিকা প্রকাশ করে। ডিএমপি সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই স্থানগুলোর তালিকা হালনাগাদ করা হয়েছে। কিন্তু ওই তালিকার বাইরে থাকা অনেক স্থানেও ছিনতাই হচ্ছে।১৭-২৬ জুলাই যেসব স্থানে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে সেগুলো হলো: ধানমন্ডি ১৫ নম্বর, মিরপুরের সেনপাড়া পর্বতা, রামপুরার মহানগর প্রজেক্ট, শান্তিনগর মোড়, মেরুল, ধলপুরের বৌবাজার, দোলাইরপাড় বাসস্ট্যান্ডের কাছে, পশ্চিম দোলাইরপাড় স্কুল গলি, শ্যামপুর টিঅ্যান্ডটি অফিসের সামনে, যাত্রাবাড়ী মোড়, জুরাইন নতুন রাস্তা, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, লালবাগ রোড, মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড, মিরপুর-২ নম্বরে জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে, গড়ান চটবাড়ী, রমনার সবজি বাগান রোড, সার্ক ফোয়ারার পশ্চিম-দক্ষিণ কোণে ও বাংলাভিশনের সামনের রাস্তা।এর মধ্যে ২০ জুলাই বিকেলে মোটরসাইকেল আরোহী চার ছিনতাইকারী লালবাগ রোডে ব্যবসায়ী আবদুল মতিনকে (৪২) গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। ২১ জুলাই মেরুলে ছিনতাইকারীরা মাছ ব্যবসায়ী রুমান মিয়াকে (২৭) গুলি করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরদিন রাতে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) পরিচয়ে একটি প্রতিষ্ঠানের কর্মী শাওন মিয়ার কাছ থেকে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ১৮ জুলাই ধলপুরের বৌবাজার করবস্থানের কাছে কলেজছাত্র শাহরিয়ার ইমন ও তার বন্ধু হামিদুল ইসলামকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা, মুঠোফোন ও একটি কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে যায়। এর আগের দিন শান্তিনগর মোড়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন মাইনুল ইসলাম (১৮)। এ কয় দিনে ছিনতাইকারীদের হাতে আরও কয়েকজন আহত হয়েছেন।২৩ জুলাই দুপুরে শেরেবাংলা স্টেডিয়ামের পাশে ছিনতাইকারীদের ধরতে গিয়ে গুলিতে আহত হন র্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) রিপন মিয়া (৩০)। ১৯ জুলাই গভীর রাতে রমনার সবজি বাগান রোডে টিঅ্যান্ডটি অফিসের সামনে ছিনতাইকারীদের ধরতে গিয়ে নিজের ছোড়া গুলিতে আহত হন পুলিশের কনস্টেবল মাহবুব আলম (৩৫)। তাঁর ছোড়া গুলি ছিনতাইকারীদের ব্যবহূত গাড়ির দুই চাকার মাঝের ইস্পাতের পাতে লেগে ফিরে এসে তাঁর ডান পায়ে লাগে। পরে গাড়িসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত টাকা, মালামাল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, ছিনতাইকারীদের হাতে আহত ব্যক্তিরা চিকিৎসার জন্য হাসপাতালে গেলে ঘটনা গণমাধ্যমে প্রকাশ পায়। কিন্তু আহত করে ছিনতাইয়ের ঘটনা ঘটে কম। অস্ত্র ঠেকিয়ে বেশি ছিনতাই হয়। কখনো কখনো পরিচিত ব্যক্তি এমন ভাব করে থামিয়েও ছিনতাই হয়। ছিনতাইয়ের শিকার বেশির ভাগ মানুষই হয়রানি ও ঝামেলার আশঙ্কায় মামলা করেন না। ফলে ছিনতাইয়ের মামলা হয় কম। আবার কেউ কেউ মামলা করতে গেলেও থানা তা নেয় জিডি হিসেবে। ফলে ছিনতাইয়ের প্রকৃত হিসাব পুলিশের কাছেও থাকে না।২৪ জুলাই বিকেলে দোলাইরপাড় বাসস্ট্যান্ডের কাছে ছিনতাইয়ের শিকার মুন্নী বেগম জানান, তাঁর ১৭ হাজার টাকা ছিনতাই হলেও পুলিশের হয়রানির আশঙ্কায় মামলা করতে যাননি।ডিএমপির অতিরিক্ত কমিশনার জলিল মণ্ডল বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা না নিয়ে জিডি নেওয়া হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শাস্তি পেতে হবে। তিনি বলেন, সামনে ঈদ, তাই ছিনতাইকারীরা তৎপর হয়েছে। তবে ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি ও টহল বাড়ানো হয়েছে। গত তিন দিন রাত ১২টার পর তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, ধানমন্ডি, রমনা, মতিঝিল, গুলশান ও উত্তরাসহ বিভিন্ন স্থানে পুলিশের কিছু নিরাপত্তা চৌকি দেখা গেলেও টহল দেখা যায়নি। মিরপুর বেড়িবাঁধের গড়ান চটবাড়ী এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, তামান্না পার্ক থেকে কোনাবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় সন্ধ্যার পর ছিনতাইকারীদের দৌরাত্ম্য চললেও পুলিশের টহল থাকে না। কালো ও নীল রঙের ট্যাক্সিক্যাব নিয়ে ছিনতাইকারীরা ঘুরে বেড়ায়।পুলিশের তালিকার বাইরে থাকা দক্ষিণ যাত্রাবাড়ীর কবরস্থান রোড, যাত্রাবাড়ী মৎস্য আড়তের আশপাশ, মানিকনগর, মীরহাজীরবাগ ঘুণ্টিঘর, জুরাইন বালুর মাঠ, পশ্চিম দোলাইরপাড়, কদমতলী ওয়াসা রোড, শ্যামপুর থানার পেছনে, নামা শ্যামপুর, কল্যাণপুর হাউজিং এস্টেটের পাশের সড়ক, মিরপুর ইনডোর স্টেডিয়াম, রাইনখোলার হাজি রোডসহ বিভিন্ন স্থানেও প্রায়ই ছিনতাই হয়।র্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদ উপলক্ষে ছিনতাই কিছু বেড়েছে। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তারও করা হচ্ছে।