রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল তিনজনের
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনাই ঘটেছে বেপরোয়া গতির বাসের কারণে। সাপ্তাহিক ছুটি এবং বিশ্বকাপে বাংলাদেশের খেলা থাকায় রাস্তা ছিল ফাঁকা, চালকেরা বাস চালাচ্ছিলেন বেপরোয়াভাবে।গতকাল বিকেলে বনানীর চেয়ারম্যানবাড়িতে বেলাল পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারা যান মা স্মৃতি হায়দার (২৭) ও এক বছরের মেয়ে আমেনা হায়দার স্নিগ্ধা। গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক স্মৃতির স্বামী আবদুল্লাহ হায়দার (৩২)। প্রায় একই সময় ফার্মগেট খামারবাড়ি (খেজুরবাগান) ক্রসিংয়ে একটি বাস লালবাতি না মেনে চলতে থাকলে আরেকটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে সিগন্যাল ভাঙা বাসের যাত্রী সাজেদা বেগম (২১) নিহত হন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর। উভয় বাসের চালক পালিয়ে যান। সিগন্যাল না মানাতেই দুর্ঘটনা: খেজুরবাগান ক্রসিংয়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট আবু নাঈম প্রথম আলোকে বলেন, বিকেল পাঁচটার দিকে মানিক মিয়া এভিনিউয়ের দিক থেকে আসা গাবতলী-যাত্রাবাড়ী রুটের একটি বাস সিগন্যাল অমান্য করে ক্রসিংয়ের মাঝে ঢুকে পড়ে। এ সময় ইন্দিরা রোডের দিক থেকে আসা মিরপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস ক্রসিং অতিক্রম করছিল। মিরপুরগামী বাসটি সিগন্যাল ভঙ্গ করা বাসটির পেছনে ধাক্কা মারে। শিশুপার্কের পথে মৃত্যু: ছুটির দিনে খালাতো বোন রহিমা বেগম (২৪), দুলাভাই মনিরুজ্জামান (৩৫) ও তাঁদের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মৃদুলার সঙ্গে শিশুপার্কে যাওয়ার জন্য বের হয়েছিলেন সাজেদা। কিন্তু পথেই ঘটে এ দুর্ঘটনা। আহত হন রহিমা, মনিরুজ্জামান ও মৃদুলাও। শিশু মৃদুলার অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ফিরোজা বেগম (৫০), তাঁর মেয়ে বুশরা জাহান ইতি (১৭), ও পুত্রবধূ আমেনা খাতুন (২০), গাবতলী পরিবহন বাসের কর্মী মজিদুলকে (৩৫) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরমান আলী নামে একজনকে ভর্তি করা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে।ছিটকে পড়ল শিশুটি: স্ত্রী স্মৃতি আর এক বছরের মেয়ে স্নিগ্ধাকে হারিয়ে পাথর হয়ে গিয়েছেন ফকিরাপুলের প্রেস ব্যবসায়ী আবদুল্লাহ হায়দার। মাথায় হেলমেট থাকায় ছিটকে পড়েও বেঁচে যান তিনি। কিন্তু রক্ষা হয়নি বাকি দুজনের।আবদুল্লাহ জানান, চেয়ারম্যানবাড়িতে পৌঁছে তিনি বাঁয়ে ঘোরার চেষ্টা করছিলেন। হঠাৎ পেছন থেকে বাসটি ধাক্কা দেয়।ঘটনার প্রত্যক্ষদর্শী চেয়ারম্যানবাড়ির এনিউ মেটালিকের মালিক লিটন জানান, বাসের ধাক্কায় ছিটকে পড়েন চালক ও আরোহীরা। মুহূর্তেই মারা যান মহিলা ও তাঁর কোলের বাচ্চাটি। পুলিশ জানায়, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে যায়। পরে কাকলীতে বাসটি আটক করে পুলিশ। উত্তেজিত জনতা চালক নজরুল ইসলামকে (৪২) ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চালক নজরুলের অবস্থাও আশঙ্কাজনক।গুলশান থানায় স্মৃতির বাবা শের আলী প্রথম আলোকে বলেন, ‘চার মেয়ের মধ্যে স্মৃতিই ছিল সবার ছোট। অথচ সেই চলে গেল সবার আগে।’ স্বজনেরা জানান, ১৯ মার্চ ছিল স্নিগ্ধার প্রথম জন্মদিন।