রাজধানীতে ভাঙচুর-ককটেল, আটক ১২ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পিকেটিংয়ের মধ্য দিয়ে আজ মঙ্গলবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কয়েকটি এলাকা থেকে ১২ জনকে আটক করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মামলার রায় না দেওয়ার দাবিতে আজকের হরতাল ডেকেছে দলটি।শাহজাহানপুর: সকাল সাড়ে সাতটার দিকে শিল্পী হোটেলের সামনে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। সেখানে একটি গাড়ি ভাঙচুর করে মিছিলকারীরা। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। মিরপুর: সকাল পৌনে সাতটার দিকে সেনপাড়া পর্বতা এলাকার আল হেলাল হাসপাতালের উল্টো দিকের রাস্তায় জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করে। সকাল সাতটার দিকে আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডের কাছে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। তারা টায়ারে আগুন দিয়ে ও চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শেরেবাংলা নগর থানার পুলিশ এসে রাবার বুলেট ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে নয়জনকে আটক করা হয়েছে। সাড়ে সাতটার দিকে শ্যামলী শিশুপল্লীর সামনে বিআরটিসির একটি বাসে ভাঙচুর চালায় হরতালের সমর্থকেরা। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরান ঢাকা: সকাল সোয়া আটটার দিকে নর্থ সাউথ রোডে সুরিটোলা স্কুলের সামনে আট-দশজন ব্যক্তি বিআরটিসির একটি বাস ভাঙচুর ও চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান। হরতালবিরোধী মিছিলমিরপুর ১০ নম্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হরতালের বিপক্ষে আওয়ামী লীগ লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। এ সময় তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়। সকাল পৌনে ১০টার দিকে গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় স্থানীয় আওয়ামী লীগ মিছিল বের করে। বিভিন্ন স্থানে রাস্তার পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের পাহারা বসাতে দেখা গেছে।১৯৭১ সালে জামায়াত বিভিন্ন বাহিনী গঠন করে বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র বিরোধিতা করেছিল। দলের বেশ কিছু নেতা তখন হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ ওঠে। স্বাধীনতার ৪০ বছর পর শুধু মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাঁদের কয়েকজনের বিচার শুরু করেছে বর্তমান সরকার। এরই মধ্যে দলের সাবেক নেতা আবুল কালাম আযাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কাদের মোল্লার পর রায়ের অপেক্ষায় থাকছে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা। এই দলের আরও পাঁচজনের বিচার চলছে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগে।