রাজধানীতে ভুয়া এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সাদেক হোসেন ওরফে সাকিব (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার মতিঝিলের শাপলা চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মতিঝিল থানা সূত্র জানায়, আজ বিকেলে মতিঝিল শাপলা চত্বরে কর্তব্যরত পুলিশের সার্জেন্ট আবু ইউসুফ মজুমদার নম্বরবিহীন ‘অন টেস্ট’ লেখা একটি অ্যাম্বুলেন্সকে থামায়। এ সময় সার্জেন্ট অ্যাম্বুলেন্সের কাগজপত্র দেখাতে বললে ভেতরে থাকা সাদেক হোসেন নিজেকে সিআইডির এসআই পরিচয় দেন। সার্জেন্ট তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এ সময় সন্দেহ হলে সার্জেন্ট ইউসুফ সিআইডিতে খোঁজ নিয়ে নিশ্চিত হন, এ নামে তাঁদের কোনো এসআই নেই। এরপর পুলিশ অ্যাম্বুলেন্সসহ সাদেককে আটক করে। যোগাযোগ করা হলে সার্জেন্ট ইউসুফ মজুমদার প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।মতিঝিল থানার অপারেশন কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এসআই সেজে প্রতারণার অভিযোগে সাদেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।সাদেক হোসেনের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রামে। তিনি রাজধানীর গোড়ানে থাকেন বলে জানা গেছে।