রাজধানীতে ভেজাল প্রসাধনী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগান থেকে আজ সোমবার দুপুরে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে ভেজালবিরোধী অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম হোসেন। তিনি জানান, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই বিশ্বের বিভিন্ন নামকরা ব্র্যান্ডের ভেজাল পণ্য বাজারজাতকরণ ও লোগো ব্যবহারের অভিযোগে পণ্যগুলো জব্দ করা হয়। এসব পণ্যের দাম ৫০ লাখ টাকার বেশি। জব্দ করা ভেজাল পণ্যগুলোর মধ্যে ডাভ, জিলেট, পন্ডস, ওলে, জনসনসহ বিভিন্ন নামকরা ব্র্যান্ডের পণ্য রয়েছে। এগুলো রাখার দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, এসব পণ্য প্রথমে ঢাকার চকবাজারের পাইকারি বাজারে যায়। সেখান থেকে এগুলো পাঠানো হয় বড় বড় বিপণি বিতানে।