রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ও শিয়া মসজিদ বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতজন দোকানদারের কাছ থেকে বিভিন্ন অপরাধের জন্য এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ মঙ্গলবার এই অভিযান চালায়।অধিদপ্তরের উপসচিব আবু তালেবের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব জহিরুল হক ভূঞা, পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ আবদুল মোতালেব, বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদুল হাসান ও মত্স্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তা তোফাজ্জল হোসেন অংশ নেন। র্যাব-২ এবং ডিএমপির দুটি টিম এ অভিযানে সহায়তা দেয়।মোহাম্মদপুর টাউন হল বাজারের আবুল ফজল ও শহিদের ফলের দোকানে বিক্রির জন্য রাখা লাল আঙুর পরীক্ষা করে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। এ জন্য তা জব্দ করে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। আঙুরের পরিমাণ প্রায় ৩০ কেজি। এ দুটি দোকানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪২ মোতাবেক পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মামা ভ্যারাইটিজ স্টোরকে মার্কস গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে খুচরা মূল্য না থাকা সত্ত্বেও বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় তা জব্দ করাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া এখানে মার্কস গুঁড়ো দুধের পরিবেশক ইসলাম ট্রেডার্সকে মার্কস গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে খুচরা মূল্য না থাকা সত্ত্বেও এ দুধের প্যাকেট সজ্ঞানে বাজারের বিভিন্ন দোকানে সরবরাহের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া বাজারের আউয়াল মিয়ার মাছের দোকানে লইটা মাছে ফরমালিন পাওয়ায় দোকানের পাঁচ কেজি মাছ সেখানেই ধ্বংস করা হয়। এ জন্য তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে শিয়া মসজিদ বাজারের বিসমিল্ল¬াহ স্টোর এবং মোহাম্মদিয়া জেনারেল স্টোরকে মার্কস গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে খুচরা মূল্য না থাকায় এবং বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় তা জব্দ করাসহ ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ দুটি বাজারের দোকানগুলোতে চাল, ডাল, তেল, চিনি, মোড়কজাত বিভিন্ন পণ্যের বাজারমূল্যসহ ভাউচার যাচাই করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু ভাউচার জব্দ করা হয়।নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের ক্রয়মূল্যের ওপর অতি মুনাফা না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে দেওয়া হয়। এ সময় আইন ভঙ্গকারী অতি মুনাফালোভীদের আইনের আওতায় শাস্তি দেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়।—বাসস