রাজধানীতে মদ খাইয়ে শিশু হত্যার অভিযোগ
রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সাত বছর বয়সী শিশু কালাচানকে (৭) মদ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পাঁচ দিন আগে মদ খাওয়ানোর পর চিকিত্সাধীন শিশুটি গতকাল সোমবার গভীর রাতে হাসপাতালে মারা যায়।পুলিশ জানায়, কলাচান তাঁর মা-বাবার সঙ্গে তেজগাঁওয়ের পুরাতন এফডিসি গেটসংলগ্ন বস্তিতে থাকত। গত বৃহস্পতিবার সকালে শিশুটি ট্রাকস্ট্যান্ডে খেলতে যায়।ট্রাকস্ট্যান্ডের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ট্রাকস্ট্যান্ডের ট্রাক ড্রাইভার জহির, জাহাঙ্গীর ও মুদি দোকানদার বাচ্চু কালাচানকে মদ খাওয়ায়। শিশুটির পরিবারের লোকজন জানায়, দুপুরের দিকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা-বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় গতকাল রাত আড়াইটার দিকে সে মারা যায়।কলাচানের মা কোহিনূর বেগম কারওয়ান বাজারে মাছ কাটার কাজ করেন। তিনি জানান, তিনি এ ব্যাপারে হত্যা মামলা করবেন। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত জহির, জাহাঙ্গীর ও বাচ্চু পলাতক আছে। তাঁদের আটকের চেষ্টা চলছে।