রাজধানীর কদমতলী থানার পলাশপুরে গৃহবধূ ইয়াসমিন আলম (২৬) ও তাঁর শিশুকন্যা ইরিলা আলম ওরফে তানহাকে (৪) শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে। পুলিশ ও পরিবারের সদস্যদের সন্দেহ, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইয়াসমিনের সৎ ছেলে ড্যানি বাবু জড়িত। এদিকে সকালে শ্যামলীতে ব্যবসায়ী আবদুস সালামকে (৪২) গুলি ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশের দাবি, নিহত সালাম ওরফে ল্যাংড়া সালাম চিহ্নিত সন্ত্রাসী।ইয়াসমিন ও তাঁর মেয়ের হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, কদমতলী থানার পুলিশ দুপুর একটার দিকে জিয়া সরণির পলাশপুরের ৩/২ নম্বর লেনের ১৪ নম্বর টিনশেড বাড়ি থেকে তাদের লাশ দুটি উদ্ধার করে। দুটি লাশই ছিল খাটের ওপর। ইয়াসমিনের হাত ছেঁড়া ব্লাউজ ও পা ওড়না দিয়ে বাঁধা এবং তানহার গলায় কাপড় পেঁচানো ছিল। লাশ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।ইয়াসমিন ছিলেন ছাতক সিমেন্ট কারখানার উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক) শাহ আলমের তৃতীয় স্ত্রী। পলাশপুরের ওই বাড়িটি শাহ আলমের। ইয়াসমিনের ভাই মনির হোসেন জানান, বোনের বাসার কাছে তাঁরা ভাড়া বাসায় থাকেন। তাঁর মা মনোয়ারা বেগম সকাল সাড়ে আটটার দিকে ইয়াসমিনের বাসার ফ্রিজ থেকে মাংস আনতে গিয়ে ঘরের দরজা ভেড়ানো দেখেন। ভেতরে ঢুকে ঘর তছনছ এবং খাটের ওপর মেয়ে ও নাতনির লাশ দেখে চিৎকার করেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।মনির আরও জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে তিনি ইয়াসমিনের বাসা থেকে ফেরার সময় বোনের সৎ ছেলে ড্যানি বাবুসহ চার যুবককে গলির মুখে কথা বলতে দেখেন। সম্পত্তির লোভে বাবু লোক দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।নিহত ইয়াসমিনের স্বামী শাহ আলম বলেন, স্ত্রী-কন্যার মৃত্যুর খবর পেয়ে তিনি ছাতক থেকে ঢাকায় এসেছেন। তিনি জানান, প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি শাহনাজ নামের একজনকে বিয়ে করেন। অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ২০০৪ সালে তিনি শাহনাজকে ছেড়ে দেন। ওই ঘরে তাঁর দুই মেয়ে শাহানা ও শাহিনা এবং বাবু নামের এক ছেলে রয়েছে। ছোট মেয়ে শাহিনা শাহনাজের সঙ্গে থাকে। শাহানার বিয়ে হয়েছে। বাবু পিরোজপুরে চাচাদের সঙ্গে থাকত। চলতি বছর সে এসএসসি পরীক্ষা দিয়েছে। দেড় মাস হলো বাবু পলাশপুরের বাড়িতে এসেছে। বাবুই লোকজন দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এতে বাবুর মা ও মামাদের হাত থাকতে পারে।ইয়াসমিনের বাবা মুলাম খান জানান, শাহ আলম দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ২০০৪ সালে ইয়াসমিনকে বিয়ে করেন। মুলাম খানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার গণেশা গ্রামে। তাঁর দুই ছেলেমেয়ের একজন ইয়াসমিন।ঘটনাস্থল পরিদর্শনকারী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে ইয়াসমিনের সতিনের ছেলে বাবুই এ ঘটনা ঘটিয়েছে।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, হত্যার পর দুর্বৃত্তরা আলমারি ভেঙে চার-পাঁচ ভরি স্বর্ণালংকার ও পাঁচ-ছয় হাজার টাকা লুটে নিয়েছে।পুলিশ জানায়, হত্যার আগে ইয়াসমিনকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে বাবু পলাতক। তাকে গ্রেপ্তার করতে পারলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।শ্যামলীতে ব্যবসায়ী খুন: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে শ্যামলী ২ নম্বর সড়কে (কাজী অফিস রোড) কালভার্টের ওপর চার-পাঁচজন সন্ত্রাসী পেছন থেকে মোটরসাইকেল আরোহী সালামকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। পিঠ ও গলায় চারটি গুলি লাগার পর তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে সন্ত্রাসীরা জবাই করে তাঁর মৃত্যু নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহত ব্যক্তির প্রথম স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।সালামের দ্বিতীয় স্ত্রী শাহিনুর বেগম প্রথম আলোকে জানান, তিনি পশ্চিম আগারগাঁওয়ের আমলীরটেকের আমতলায় থাকেন। তাঁর সতিন থাকেন পীরেরবাগে। গত শুক্রবার রাতে সালাম তাঁর বাসায় ছিলেন। আগারগাঁওয়ে বিএনপি বাজারের কাছে সালামের মাছের খামার আছে। গতকাল সকাল নয়টার দিকে সালাম বাসা থেকে বের হওয়ার সময় তাঁকে জানান, তিনি মাছের খামারে যাচ্ছেন। পরে তিনি প্রথম স্ত্রীর বাসার পাশের গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে খামারে যাওয়ার পথে খুন হন। লোকমুখে তাঁরা হত্যাকাণ্ডের খবর শোনেন।শাহিনুর দাবি করেন, সন্ত্রাসীদের সঙ্গে একসময় তাঁর স্বামীর ওঠাবসা ছিল। সম্প্রতি তিনি ওই পথ থেকে সরে এসে মাছের খামার ও পোলট্রি ব্যবসা শুরু করেন।সালামের প্রথম স্ত্রী জানান, তাঁর স্বামী একটি অস্ত্র মামলায় সাড়ে চার বছর জেল খেটে প্রায় সাড়ে তিন বছর আগে বের হন। তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা ছিল। তাঁকে ছাড়িয়ে আনতে পীরেরবাগের বাড়িটি বিক্রি করা হয়। তাঁর সতিনের স্বজনেরা এই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে।শেরেবাংলা থানার ওসি রিয়াজ হোসেন জানান, মোহাম্মদপুর ও সাভার থানায় সন্ত্রাসের অভিযোগে ল্যাংড়া সালামের বিরুদ্ধে সাত-আটটি মামলা রয়েছে। তিন বছর আগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সালামের বাঁ পায়ে গুলি লেগেছিল, পরে ওই পা কেটে ফেলা হয়। তিনি কৃত্রিম পা ব্যবহার করতেন।ওসি জানান, ল্যাংড়া সালাম বিএনপি বাজারে মাদক ব্যবসায় জড়িত ছিল। এ ছাড়া সে জমির দালালি করত। ধারণা করা হচ্ছে, এসবের আধিপত্য বিস্তার ও বিরোধ নিয়ে আগারগাঁওয়ের প্রতিপক্ষের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।