রাজধানীতে মা-সন্তান অগ্নিদগ্ধ, এক সন্তানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে ও শোকে বিলাসী আক্তার (২৭) নামে এক গৃহবধূ তাঁর দুই সন্তান আবু রায়হান (৩) ও রজনী আক্তার (৮) এবং নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরে ১০৮ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে। রাত আটটার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রায়হান মারা যায়।বিলাসীর স্বামী সৈয়দ রাজীব আলী সিকিউরিটি কোম্পানির ব্যবসা করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে বিলাসী আক্তার তাঁর সন্তান আবু রায়হান ও রজনী আক্তারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ছুড়ে মারে। পরে নিজের শরীরেও আগুন ধরিয়ে দেয়। এ সময় তাঁরা চিত্কার করতে করতে বাসার বারান্দায় চলে আসেন। একপর্যায়ে বিলাসী বাসার চাবি বাইরে ছুড়ে মারে। প্রতিবেশীরা চাবি দিয়ে বাসায় ঢুকে তাদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।বিলাসী জানান, তাঁর অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করে এবং তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এমনকি তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাই সে চলে গেলে বাচ্চাদের কী হবে, এ চিন্তা করে নিজের ও সন্তানের শরীরে আগুন ধরিয়ে দেন। স্বামী সৈয়দ রাজীব আলী যৌতুকের অভিযোগ অস্বীকার করে বলেন, দ্বিতীয় বিয়ে করার কারণেই এ ঘটনা ঘটেছে। অন্য কোনো সমস্যা নেই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন বলেন, রায়হান ও রজনীর শরীরের ৮০ শতাংশ এবং মায়ের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।