রাজধানীতে মাথায় পাইপ পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর মগবাজার এলাকার জীবিকা মোড়ের বালুর মাঠে কাজ করার সময় মাথায় পাইপ পড়ে সোহরাব আলী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার দিকে মগবাজারের বালুর মাঠে বেশ কয়েকজন শ্রমিকসহ সোহরাব আলী ম্যানহোলের কাজ করছিলেন। এ সময় শ্রমিকেরা ক্রেনের শেকলে বেঁধে ওপর থেকে সিমেন্টের তৈরি পাইপ ম্যানহোলে সংযুক্ত করছিলেন। ওই সময় হঠাত্ শেকল থেকে একটি পাইপ খুলে নিচে সোহরাব আলীর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় সোহরাব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহরাব আলীর গ্রামের বাড়ি সাতক্ষীরা এলাকায় বলে জানা গেছে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।