রাজধানীতে মামা-ভাগনেসহ চারজন অগ্নিদগ্ধ
রাজধানীর মালিবাগ এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মামা-ভাগনেসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মো. জুয়েল (৪০), তাঁর মামা আবদুর রাজ্জাক (৪৫), শাহ আলম (৩৮) ও শাকিল আহমেদ (৩৪)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মালিবাগের বাগানবাড়ির চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে ওই চারজন কথা বলছিলেন। এক ফাঁকে শাকিল ধূমপান করার জন্য দেশলাই জ্বালালে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। হাসপাতাল সূত্র আরও জানায়, আহত জুয়েল ওই ভবনটির মালিক। ভবনের নিচতলা তাঁর কার্যালয় হিসেবে ব্যবহূত হয়। হাসপাতালে জুয়েল সাংবাদিকদের জানান, তাঁর বাড়ির মাটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন চলে গেছে। তাঁর ধারণা, ওই লাইন ফুটো হয়ে গ্যাস পুরো কক্ষে ছড়িয়ে গিয়েছিল। তাই আগুন জ্বালানোর পর এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।