রাজধানীতে যান চলাচল কমে গেছে
রাজধানীতে আজ শনিবার বিকেলে অনুষ্ঠেয় বিএনপির জনসভা ও আগামীকাল রোববার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানবাহন তুলনামূলকভাবে কম চলছে। গণপরিবহনের সংখ্যাও কম। ব্যক্তিগত গাড়ি নেই বললেই চলে।রাজধানী থেকে আজ সকালে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে বাস কম আসছে।নাম প্রকাশ না করার শর্তে পরিবহন সংশ্লিষ্ট কয়েকজন জানান, আজ দুপুরের পর থেকে কোন দূরপাল্লার কোনো বাসই ঢাকার দিকে আসবে না। এ ছাড়া সকাল থেকে শহরের ভেতরে চলাচলকারী বাসের সংখ্যাও কম লক্ষ্য করা গেছে। বিভিন্ন বাস স্টপেজের মালিক-সমিতির লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকেলের দিকে শহরে বাস চলাচল আরও কমে যাবে। আজকের সমাবেশকে কেন্দ্র করে শাপলা চত্বরের সামনের সড়ক বন্ধ করে দিয়ে ফকিরাপুল পুলিশ বক্সের সামনের সড়ক, দৈনিক বাংলা মোড়, মতিঝিলের শিল্প ব্যাংক ভবন, ইত্তেফাক মোড় দিয়ে ঘুরে গাড়ি চলাচল করতে বলা হয়েছে।মতিঝিল জোনের ট্রাফিকের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক প্রথম আলো ডটকমকে জানান, জনসভা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে, যাতে যানজটের সৃষ্টি না হয়, এজন্য এ সড়ক বিভাজিত করা হয়েছে।