রাজধানীতে যানজট কমাতে মন্ত্রীর নির্দেশ
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে যানজট কমিয়ে জনজীবনে স্বস্তি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন। আজ বুধবার নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডের (ডিটিসিবি) কার্যালয়ে ডিটিসিবির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কর্মকর্তা, কর্মচারী ও বিদেশি পরামর্শকদের সঙ্গে সভায় তিনি এ নির্দেশ দেন।যোগাযোগমন্ত্রী পদ্মা সেতুকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে উল্লেখ করে বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই এর নির্মাণকাজ শুরু করা হবে। তিনি বলেন, অসহনীয় যানজটের কারণে জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। যানজট সহনীয় পর্যায়ে আনতে তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন। এ জন্য তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ফেনী থেকে মিরসরাই এবং ফেনী থেকে কুমিল্লা প্রান্তে ৪২ কিলোমিটার সড়ক অতি দ্রুত নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা কথায় নয়, বাস্তবে দেখতে চাই।’ডিটিসিবির নির্বাহী পরিচালক সালেহউদ্দিন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সভায় জানানো হয়, আগামী মাস থেকে বিআরটিসি বাসে মতিঝিল-আবদুল্লাহপুর ও মতিঝিল-মিরপুর রুটে পরীক্ষামূলকভাবে ই-টিকিট চালু করা হবে। এ ছাড়া আগামী মাসেই মেট্রোরেলের চুক্তি স্বাক্ষরিত হবে। বাসস।