রাজধানীতে যানজটে বছরে ক্ষতি সাড়ে ১৯ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটের কারণে বাস, কার, টেক্সিক্যাব, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের বছরে ক্ষতি হয় প্রায় ১২ হাজার কোটি টাকা।এর সঙ্গে পরিবেশ দূষণ, ব্যবসায়িক স্বার্থসংক্রান্ত ক্ষতি এবং দুর্ঘটনা হিসাবে আনলে যানজটের কারণে বছরে ক্ষতি হয় সাড়ে ১৯ হাজার কোটি টাকা। যানজট দেড় কোটি নগরবাসীর দৈনিক কর্মঘণ্টা থেকে ৮০ লাখ ঘণ্টা খেয়ে ফেলছে।ভয়াবহ এই তথ্য বেরিয়ে এসেছে সড়ক ও জনপথ অধিদপ্তরের তিন প্রকৌশলীর গবেষণায়। গবেষকেরা হলেন আবদুল্লাহ আল মামুন, সৈয়দ মইনুল হাসান ও মারুফা ইসমাত।আজ বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ভবনে ‘ঢাকা শহরে যানজট ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব: প্রতিকারের উপায়’ শীর্ষক এক সেমিনারে তাঁরা গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এমসিসিআই ও দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে বক্তারা যানজট নিরসনে রেলক্রসিংগুলোতে ফ্লাইওভার নির্মাণ, বেশি করে কমিউটার ট্রেন চালু, ব্যক্তিগত গাড়ি চলাচলে কড়াকড়ি আরোপ ও গণপরিবহন ব্যবস্থা উন্নত করার পরামর্শ দেন।সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী যানজটের এই ভয়াবহ কুফলের তথ্য জেনে প্রতিকারের আশ্বাস দেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যানজট নিরসনে যোগাযোগ মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। শিগগিরই যাত্রাবাড়ী-গুলিস্তান, জুরাইন, মগবাজার, খিলখেত এলাকায় কয়েকটি ফ্লাইওভার হবে বলে তিনি জানান।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, থাইল্যান্ডে রাস্তা বড় করার জন্য বড় বড় ভবন ভেঙে ফেলা হয়েছে। ঢাকার ক্ষেত্রে এ ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নিতে হতে পারে। এ জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। তিনি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান।