রাজধানীতে যুবককে ছুরি মেরে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে আজ বুধবার দুপুরে নুরে আলম (৩০) নামের এক যুবককে ছুরি মেরে তাঁর কাছ থেকে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। নুরে আলম একটি মুঠোফোন কোম্পানির পরিবেশক। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুর সোয়া একটার দিকে চার-পাঁচজন ছিনতাইকারী জুরাইনের ঋষিপাড়ায় নুরে আলমের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটে ও ডানহাতে ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে চিকিত্সাধীন নুরে আলম প্রথম আলো ডটকমকে বলেন, তিনি একটি মুঠোফোন কোম্পানির ডেমরা, কদমতলী, শ্যামপুর, দোলাইরপাড় এলাকার পরিবেশক কর্মকর্তা। কাল বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোম্পানি বন্ধ থাকায় আজ তিনি ওই এলাকার সিমকার্ড বিক্রি ও ফ্ল্যাক্সিলোডের তিন লাখ ৩০ হাজার টাকা তুলে দোলাইরপাড়ে স্থানীয় কার্যালয়ে হেঁটে ফিরছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তাঁকে ছুরি মেরে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। নুরে আলম জানান, তাঁর চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পিছু হটে। এ সুযোগে ছিনতাইকারীরা টাকা নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্ট কোম্পানির পর্যবেক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন জানান, গত এক বছরে একই কোম্পানির তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটিকে টাকা বহনের সময় পুলিশের সহযোগিতা নিতে বলা হলেও তারা কথা শোনেনি। তিনি বলেন, ছিনতাইকারী চক্র শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।