রাজধানীতে যুবককে হত্যার অভিযোগ
রাজধানীর সবুজবাগ থানার মানিকনগরে রুহুল আমিন (২৬) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে পুলিশ রুহুলের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে।সবুজবাগ থানার পুলিশ জানায়, রুহুল ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন। পুলিশ গতকাল রাত আড়াইটার দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রুহুলের টেনশেড বাসায় যায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ঘরের ভেতরে গিয়ে পুলিশ সিলিংয়ের সঙ্গে গামছা লাগানো অবস্থায় রুহুলের মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পুলিশ বাসায় কাউকে পায়নি।রুহুলের ভাই মোহাম্মদ রুবেল জানান, চার বছর আগে রুহুল ফাতেমা বেগম নামের একজনকে বিয়ে করেন। তারপর থেকে তিনি এখানেই থাকতেন। তবে রুহুল ও ফাতেমার মধ্যে ঝগড়া-বিবাদ ছিল বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, ফাতেমার পরিবারের লোকজন তাঁর ভাইকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তবে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের পর এ ব্যাপারে বলা যাবে।