রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর চিড়িয়াখানা সড়কের একটি দোকান থেকে আজ রোববার বিকেলে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সাইফুলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।ওই দোকানের মালিক নাহিদুর রহমান জানান, সাইফুল প্রায় ছয় মাস ধরে তাঁর দোকানে চাকরি করছেন। আজ বিকেল পাঁচটার দিকে তিনি দোকানের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সাইফুল দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।সাইফুলের ভাই আশরাফুল ইসলাম জানান, সাইফুল তাঁর মা-বাবা ও ভাইবোনদের সঙ্গে চিড়িয়াখানা সড়কের একটি টিনের চালার বাসায় থাকতেন। তিনি বিবাহিত ছিলেন। বিয়ের পর আলাদা বাসা নেওয়ার জন্য তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর চাপ দিতে থাকেন। আর তা না নেওয়ায় তাঁর স্ত্রী নরসিংদীতে বাপের বাড়িতে চলে যান। কয়েকবার আনতে যাওয়া হলেও তিনি আসেননি। এ নিয়ে মানসিক দুশ্চিন্তায় ছিলেন সাইফুল।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) লাল মাহমুদ জানান, আজ বিকেলে শাহ আলী থানার চিড়িয়াখানা সড়ক এলাকার একটি টেলিফোন সেন্টারের দোকান থেকে সাইফুলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাইফুল ওই দোকানের কর্মচারী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পানিতে ডুবে মৃত্যু: এদিকে আজ দুপুরে ঢাকা চিড়িয়াখানার পার্শ্ববর্তী লেকের পানিতে ডুবে আজ রোববার দুপুরে সাদ্দাম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।এ ব্যাপারে এসআই লাল মাহমুদ প্রথম আলোকে জানান, আজ বেলা দেড়টার দিকে সাদ্দাম হোসেন অন্যান্য বন্ধুর সঙ্গে ওই লেকে গোসল করতে যায়। লেকের তীরে একটি গাছে উঠে সাদ্দাম পানিতে লাফ দেওয়ার পর আর ভেসে উঠেনি। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআই আরও জানান, সাদ্দামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ গ্রামে। সে শাহ আলী থানার এইচ ব্লকের ১৮ নম্বর সড়কের ৭ নম্বর বাসায় থাকত। সে এক বাসচালকের সহযোগী হিসেবে কাজ করত।