রাজধানীতে যুবলীগের ৩ নেতা-কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর মহাখালীতে আজ রোববার দুপুরে দলের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের তিনজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ নেতা-কর্মীরা হলেন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য মোহাম্মদ আলী এবং ৩৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী নয়ন হোসেন।ঢাকা মেডিকেলে গিয়ে দেখা গেছে, জাকিরের বাঁ-পায়ে এবং নয়নের বাঁ-হাতে ও পিঠে তিনটি গুলি লেগেছে। আর মোহাম্মদ আলীর বুকের বাঁ-পাঁজরে গুলি লাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্সকেরা জানিয়েছেন।চিকিত্সাধীন জাকির ও নয়ন সাংবাদিকদের বলেন, মহাখালীর রেলগেটের পাশে যুবলীগের ২০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুপুর ১২টার দিকে তাঁরা বসেছিলেন। এ সময় আচমকা সন্ত্রাসীরা এ আক্রমণ চালায়।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতরা যুবলীগের কর্মী বলে জানা গেছে।