রাজধানীতে রাতে বিজিবি নামছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য রাজধানীতে আজ শনিবার রাত সাড়ে আটটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। বিজিবির সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। গতকাল শুক্রবার জামায়াত-শিবির ও কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দল রাজধানী ঢাকাসহ সারা দেশে হামলা ও সহিংসতা চালায়। আজও পাবনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলা হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রাতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হবে। গতকাল শুক্রবার জুমার নামাজের পরপর রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবির ও কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দলের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে ঢাকার বাইরে চারজন নিহত হন। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে দুজন, সিলেটে ও ঝিনাইদহে একজন করে নিহত হন। ঢাকায় জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। ঢাকায় সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, পথচারী ও ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই সাংবাদিক, এক পুলিশসহ ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আরও সাত সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীতে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়। এ ছাড়া রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, সিলেট, চাঁদপুরে গণজাগরণ মঞ্চ ভাঙচুর, শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনগুলোর মিছিলে অংশ নিয়ে জামায়াত-শিবিরের কর্মীরাও এসব তাণ্ডবে অংশ নেন।