রাজধানীতে রেলে কাটা পড়ে দুজন নিহত
রাজধানীর খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় আজ সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন।রেলপুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মো. মেজবাউল প্রথম আলোকে জানান, সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে শাহিনুর নামের এক তরুণী (২৪) নিহত হন। কুড়িল বিশ্বরোড রেলক্রসিং থেকে ২০০ গজ উত্তরে বটতলায় এ ঘটনা ঘটে। ওই জায়গায় কোনো রেলক্রসিং নেই। ট্রেনে কাটা পড়ে তার শরীর কয়েক টুকরো হয়ে যায়। ওই তরুণী রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত তরুণী একটি পোশাক-কারখানায় কাজ করতেন বলে তাঁরা জানান।এসআই মেজবাউল জানান, নিহত তরুণীর নাম শাহিনুর বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে বিষয়টি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।মেজবাউল আরও জানান, বটতলার ওই জায়গায় রেললাইনে পরপর বাঁক থাকায় এর আগেও কয়েকবার এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। লাইন ধরে হাঁটতে হাঁটতে বাঁকের মধ্যে এসে অনেকে বুঝতে পারে না যে, ট্রেন তাকে ধাক্কা দিতে পারে। এভাবে দুর্ঘটনাগুলো ঘটছে।এদিকে, বেলা সোয়া ১১টার দিকে তেজগাঁও রেললাইন বস্তি এলাকায় রেলে কাটা পড়ে নিহত অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেন রেলপুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম। তিনি প্রথম আলোকে জানান, তেজগাঁও রেলস্টেশন থেকে ১০০ গজ উত্তরে তেজগাঁও রেললাইন বস্তি এলাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক। নিহত যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। ওই জায়গাতেও কোনো রেলক্রসিং ছিল না।নজরুল ইসলাম জানান, তেজগাঁও রেললাইন বস্তিসহ লাইনের পাশের বস্তি ও বাজার এলাকাগুলোতে অহরহই লোকজন লাইন ধরে চলাফেরা বা ঝুঁকি নিয়ে লাইন পার হওয়ার চেষ্টা করার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।