রাজধানীতে র‌্যাবের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গত শনিবার মধ্যরাতে র‌্যাবের গুলিতে রেজাউল করিম শাহীন নামে এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন। গতকাল রাতে নিহত রেজাউলের ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছে। তবে র‌্যাব বা পুলিশ গতকাল মধ্যরাত পর্যন্ত নিহত রেজাউলের পরিচয় নিশ্চিত করেনি।গতকাল র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ব্যক্তি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। গুলশান থানার পুলিশ জানিয়েছে, এই নামে মহাখালী এলাকায় একজন সন্ত্রাসী রয়েছে। তবে নিহত রেজাউলের ছেলে মো. রাব্বী জানিয়েছে, তাদের বাসা উত্তরায়। তার বাবা একজন ঝুট ব্যবসায়ী, সন্ত্রাসী নন। তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টহলের অংশ হিসেবে গত শনিবার রাতে গুলশান-বাড্ডা লিংক রোডে (শ্যুটিং ক্লাবের পেছনে) চৌকি বসিয়ে তল্লাশি করছিল র‌্যাব-১-এর একটি দল। রাত সোয়া একটার দিকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামতে সংকেত দিলে মোটরসাইকেলের পেছনে বসা যুবক র‌্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। র‌্যাবও ধাওয়া করে গুলি ছুড়লে পেছনের আরোহী মোটর সাইকেল থেকে পড়ে যান। অন্যজন মোটরসাইকেল নিয়েই পালিয়ে যান। রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।গতকাল রাত পর্যন্ত র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা নিহত রেজাউলের পরিচয় নিশ্চিত করেননি। তবে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দীন প্রথম আলোকে বলেন, রেজাউল করিম শাহীন নামে মহাখালী এলাকায় একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী আছেন। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে গুলশান থানায় পাঁচটি মামলা রয়েছে। কারাবন্দী দুর্ধর্ষ সন্ত্রাসী আকতারের সঙ্গে একই দলে ছিলেন শাহীন। র‌্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত দুর্ধর্ষ সন্ত্রাসী লিটন ওরফে পাঙ্কু লিটনের সঙ্গেও একসময় একই দলে কাজ করেছেন শাহীন। তবে নিহত ব্যক্তিই যে সন্ত্রাসী শাহীন, তা নিশ্চিত করেননি ওসি।গতকাল রাত পৌনে ১১টার দিকে মো. রাব্বী নামে এক তরুণ নিহত ব্যক্তিকে রেজাউল করিম হিসেবে শনাক্ত করে। নিহত ব্যক্তি তার বাবা বলে রাব্বী জানায়। রাব্বী সাংবাদিকদের বলে, তার বাবা একজন ঝুট ব্যবসায়ী। তিনি সন্ত্রাসী নন। উত্তরার ৯ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ২০ নম্বর বাসায় তারা থাকে। গত বৃহস্পতিবার থেকে তার বাবা নিখোঁজ ছিলেন।