রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ শহীদুল ইসলাম চঞ্চল (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, চঞ্চল ওরফে ভাইগনা চঞ্চল তেজগাঁও শিল্পাঞ্চল থানার শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তবে তাঁর পরিবারের অভিযোগ, শহীদুল সন্ত্রাসী নন, তিনি ব্যবসা ও ঠিকাদারির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে বাসার সামনে থেকে ধরে নিয়ে র্যাব গুলি করে হত্যা করেছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-২-এর একটি টহল দল তেজগাঁও শিল্পাঞ্চলে উড়াল সেতুর পূর্ব দিকে সাদা রঙের একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয়। গাড়িটি তা অমান্য করে পালানোর চেষ্টা করলে র্যাবের টহল দল পিছু ধাওয়া করে। একপর্যায়ে তেজগাঁওয়ে মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের ফটকের সামনে গাড়িটির গতি রোধ করা হলে গাড়ি থেকে র্যাবকে গুলি ছোড়া হয়। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পাঁচ-সাত মিনিট গুলিবিনিময়কালে র্যাব ১৬টি গুলি ছোড়ে। এ সময় গাড়িতে থাকা এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং অন্য দুজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সন্ত্রাসীকে তেজগাঁও থানার শীর্ষস্থানীয় সন্ত্রাসী শহীদুল ইসলাম চঞ্চল ওরফে ভাইগনা চঞ্চল বলে শনাক্ত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত ওই গাড়ি, একটি পিস্তল, একটি পাইপগান, ১২ বোতল ফেনসিডিল, ছয় ক্যান বিয়ার ও ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।র্যাব-২-এর সহকারী পরিচালক আবু খালেদ আল মামুনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শহীদুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় খুন, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তবে মামলার বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত শহীদুল শীর্ষস্থানীয় সন্ত্রাসী কারাবন্দী সুইডেন আসলামের ভাগ্নে। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) খুঁজে পাওয়া যায়নি।এদিকে শহীদুলের ভগ্নিপতি মোহাম্মদ ইউসুফ জানান, ১১৯ পূর্ব তেজতুরিবাজারে জনতা বিল্ডার্স নামের রড-সিমেন্টের দোকানটি শহীদুলের। এ ছাড়া তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ইউনিটের (সিএমএমইউ) ঠিকাদার ছিলেন। শহীদুল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে তাঁর ফ্ল্যাটে ফিরছিলেন। এ সময় ওই বাড়ির সামনে থেকে সাদা পোশাকধারী কয়েকজন তাঁকে ধরে নিয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি (ইউসুফ) এ বিষয়ে ধানমন্ডি থানায় জিডি করেন।ইউসুফ দাবি করেন, অনেক দিন আগে একটি সাজানো মামলায় শহীদুলকে আসামি করা হলেও সেটি নিষ্পত্তি হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর কোনো থানায় আর কোনো মামলা কিংবা জিডি নেই। ব্যবসায়িক কোনো প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে র্যাব তাঁকে ধরে নিয়ে হত্যা করেছে। শহীদুলের স্ত্রীর নাম সুমি ইসলাম। তাঁর বাবা মৃত আবদুল মোতালেব এবং গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুরে।