রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজধানীর সায়েদাবাদে গত বৃহস্পতিবার গভীর রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন ওরফে পিচ্চি আনোয়ার (৩৫)। র্যাব জানিয়েছে, সায়েদাবাদ বালুর মাঠে সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। পরে সেখানে মৃত অবস্থায় আনোয়ারকে পড়ে থাকতে দেখা যায়। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী।আনোয়ারের স্বজনদের দাবি, আনোয়ারকে বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাদা পোশাকে একদল লোক রাজশাহী থেকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। লোকমুখে তাঁরা শুনেছেন, তাঁকে র্যাব ধরে নিয়ে গেছে।র্যাব-১০-এর উপপরিচালক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য একদল সন্ত্রাসী যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে বালুর মাঠে অবস্থান করছে—এ সংবাদের ভিত্তিতে তাঁদের একটি দল সেখানে যায়। সেখানে র্যাব সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের ১৫-২০ মিনিট গোলাগুলি হয়। র্যাবের সঙ্গে টিকতে না পেরে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে তাঁরা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি মারা যান বলে তিনি শুনেছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি পাইপগান ও চারটি গুলি এবং রিভলবারের গুলির দুটি খোসা উদ্ধার করা হয়।কামরুজ্জামান বলেন, পরে জানা যায় নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ওরফে পিচ্চি আনোয়ার। তাঁর বিরুদ্ধে মতিঝিল, যাত্রাবাড়ী, ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় ১০টি মামলা রয়েছে। রাজশাহী থেকে আনোয়ারকে ধরে আনা হয়েছে—পরিবারের এ দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের জানা নেই।’যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ সায়েদাবাদ বালুর মাঠ এলাকা থেকে আনোয়ারের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।নিহত আনোয়ারের বাবার নাম মৃত আমির আলী। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া গ্রামে। তিনি রাজধানীর দনিয়া এলাকায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।গোলাগুলির ঘটনায় গতকাল যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গের সামনে আনোয়ারের বোন আয়েশা আক্তার প্রথম আলোকে জানান, তাঁর ভাই ঢাকা-দাউদকান্দি রুটের একটি বাসের চালক ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি রাজশাহী থাকতেন। সেখান থেকে বুধবার রাতে সাদা পোশাকে একদল লোক তাঁকে মাইক্রোবাসে করে ধরে নিয়ে যায় বলে তাঁরা শুনেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। সকালে টেলিভিশনের খবরে আনোয়ারের ছবি দেখে তাঁরা মর্গে এসে লাশ শনাক্ত করেন।নিহতের স্ত্রী নিলুফা আক্তার জানান, কয়েকজনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ ছিল। তাঁদের ষড়যন্ত্রের কারণে আনোয়ার রাজশাহীতে চলে যান। তিনিও স্বামীর সঙ্গে রাজশাহীতে ছিলেন। কয়েক দিন আগে তিনি (নিলুফা) ঢাকায় বেড়াতে আসেন। লোকমুখে শুনেছেন, সাদা পোশাকে র্যাব তাঁর স্বামীকে রাজশাহী থেকে বুধবার রাতে ধরে নিয়ে গেছে।