রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদীতে মঙ্গলবার মধ্যরাতের পর র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব বলছে, ইউসুফ আলী ওরফে সিধু (২৪) নামের ওই যুবক ক্যান্টনমেন্ট, কাফরুল ও পল্লবী থানার চিহ্নিত চাঁদাবাজ।তবে নিহত ইউসুফ আলীর পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সঙ্গে যোগসাজশে র‌্যাব তাঁকে গুলি করে হত্যা করেছে। তিনি মিরপুর ১৩ নম্বরে সিকিম আলীর বস্তিতে ভাড়া থাকতেন।র‌্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌনে একটার দিকে র‌্যাব-৪-এর একটি টহল দল দেখতে পায়, মানিকদী চৌধুরীকুঞ্জের কাছে সাত-আটজন লোক ‘আড্ডা দিচ্ছিল’। র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের পিছু ধাওয়া করে পাল্টা গুলি ছোড়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ হয় এবং একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।র‌্যাব বলেছে, পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থলে তল্লাশি করে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ যুবককে সন্ত্রাসী ইউসুফ ওরফে সিধু নামে শনাক্ত করে বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে বলা হয়, পুলিশের সহযোগিতায় আহত সিধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই ঘটনায় র‌্যাব সদস্য সোহরাব হোসেন ও জাকির হোসেন আহত হন।র‌্যাব-৪-এর অপারেশন কর্মকর্তা খাইরুল কবির বলেন, ইউসুফের বিরুদ্ধে পল্লবী, কাফরুল ও ক্যান্টনমেন্ট থানায় হত্যা, চাঁদাবাজিসহ সাতটি মামলা আছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে চারটি সাধারণ ডায়েরিসহ (জিডি) বহু অভিযোগ আছে।গতকাল দুপুরে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে সিধুর লাশ শনাক্ত করেন। এ সময় তাঁর মা মমতাজ বেগম ও স্ত্রী নিপা আক্তার সাংবাদিকদের বলেন, গত রোববার বাসা থেকে বের হওয়ার পর সিধুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের ধারণা, মিরপুর ১৩ নম্বরের আওয়ামী লীগের এক নেতার যোগসাজশে র‌্যাব সিধুকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। পরিবারের লোকজন বলেন, ওই আওয়ামী লীগ নেতার সঙ্গে সিধুর বিরোধ ছিল। নিহতের ছোট বোন রত্না আক্তার বলেন, তিন মাস আগে ওই আওয়ামী লীগ নেতা তাঁর ভাইকেও গুলি করেছিলেন।সিধুর স্ত্রী নীপা তাঁর বিরুদ্ধে দুুটি মামলা থাকার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ক্যান্টনমেন্ট থানার ছাত্রলীগ নেতা ফারুক হত্যা মামলা ও পল্লবী থানায় একটি ছিনতাইয়ের মামলায় তাঁকে ‘ফাঁসানো হয়েছে’।