কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে কাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। হরতাল ডেকেই গতকাল রোববার বিকেল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে তারা। রাতে কেবল রাজধানীতেই আটটি যানবাহনে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শতাধিক গাড়ি।এদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটও কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গতকাল বিকেলে রাজধানীর শ্যামলীর একটি বাসা থেকে শিবিরের সভাপতি দেলোওয়ার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পরই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ এবং মঙ্গলবার হরতালের কথা জানানো হয়।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, সাম্প্রতিক হরতাল এবং বিভিন্ন সময়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার অভিযোগ রয়েছে শিবিরের সভাপতির বিরুদ্ধে। এসব বিষয়ে দায়ের হওয়া অনেক মামলার এজাহারভুক্ত আসামিও তিনি। মামলার আসামি হিসেবেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি সূত্র জানায়, শ্যামলী এলাকায় নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন, এমন খবরে গতকাল দুপুর থেকে অভিযান শুরু করে ডিবি। আঁচ করতে পেরে শিবিরের নেতা-কর্মীরা এলাকা ছাড়তে শুরু করেন। এ সময় একটি মোটরসাইকেলে করে শ্যামলীতে আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন শিবিরের সভাপতি। বিকেল চারটার দিকে ওই বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল: সন্ধ্যা ছয়টার দিকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন শিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার। বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কথা জানিয়ে বলা হয়, সভাপতিকে মুক্তি না দিলে সরকারের পতন ঘটানো হবে।শিবিরের সভাপতিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।১৮ দলের বৈঠক: গতকাল রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ১৮ দলের বৈঠকে কাল হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। বৈঠক চলাকালে রাত ১০টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কর্মসূচির কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচন দেওয়া, গ্রেপ্তার হওয়া জোটের নেতা-কর্মীদের মুক্তির দাবি এবং সম্প্রতি চাপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের গুলিতে প্রাণহানীর প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। এ ছাড়া আগামী ১০ এপ্রিল ঢাকার নয়াপল্টনে ১৮-দলীয় জোটের সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে ফখরুল জানান। ওই সমাবেশে খালেদা জিয়া বক্তৃতা করবেন। জ্বালাও-পোড়াও: সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডিতে শিবিরের একটি মিছিল থেকে একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা কয়েকটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডা-নতুনবাজার সড়কে নির্বিচারে যানবাহন ভাঙচুর শুরু করেন শিবিরের কর্মীরা। সেখানে যানজটে আটকে থাকা বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। এ সময় সুবাস্তু নজরভ্যালির সামনে বিআরটিসির নতুন একটি দোতলা বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বাসটি মোহাম্মদপুর থেকে নতুনবাজার পথে চলাচল করত। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁটা নিয়ে শিবিরের একদল কর্মী বাসটির নিচতলায় ভাঙচুর শুরু করেন। আতঙ্কিত যাত্রীরা ওপর থেকে নেমে আসতে না-আসতেই বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।ঘটনার প্রত্যক্ষদর্শী একজন স্থপতি প্রথম আলোকে বলেন, সুবাস্তু নজরভ্যালির সামনে তাঁর মোটরসাইকেলটি রাখা ছিল। মোটরসাইকেলের সামনে বাংলাদেশের পতাকার স্টিকার লাগানো ছিল। শিবিরের কর্মীরা মোটরসাইকেলটি উল্টে ফেলে পতাকায় পা দিয়ে লাথি মেরে মেরে সামনের অংশটি ভেঙে ফেলেন।পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, ১০-১২ জন কর্মী সুবাস্তু নজরভ্যালির সামনে রাখা কিছু মোটরসাইকেল ভাঙচুর করেছেন এবং একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দিয়েছেন।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির এলাকায় সেফটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি মিরপুর থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত চলাচল করত। একই সময়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে একসঙ্গে তিনটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।রাত সোয়া ৯টার দিকে মিরপুর শ্যাওড়াপাড়া এলাকায় যানবাহনে ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এনা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় শিবির-কর্মীরা। এসময় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশে থাকা একটি কার ক্ষতিগ্রস্ত হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’ ব্যানার হাতে জজকোর্ট এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি রায়সাহেব বাজার মোড় এলাকায় এসে সহিংস হয়ে ওঠে। মিছিল থেকে পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয় এবং একটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার রেলক্রসিং এলাকায় পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। চৌদ্দগ্রামে সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম বাজার, হায়দারপুল ও ফালগুনকরা এলাকায় ২০-২৫টি গাড়ি ভাঙচুর করেন শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা লাকসাম সড়ক এলাকায় বাস ও মালবাহী ট্রাকে আগুন দেন। বগুড়ায় বিকেলে টিআর ট্রাভেলসের একটি কোচ, একটি ট্রাকসহ তিনটি গাড়িতে আগুন দেয় তারা। ভাঙচুর করেন অন্তত ১০টি গাড়ি।কুষ্টিয়ায় রাত আটটার দিকে পোড়াদহ স্টেশনে ট্রেনের পেছনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানার পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।