রাজধানীতে শান্তিপূর্ণ হরতাল চলছে (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানী ঢাকায় বিএনপির ডাকা আজ মঙ্গলবারের হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। তবে এর মধ্যেও নয়াপল্টন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।হরতাল-সমর্থকেরা আজ মিরপুর বাঙলা কলেজের সামনে এবং মিরপুর ৬ নম্বর সেকশনে কাঁচাবাজার এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া কারওয়ান বাজারে ইত্তেফাক অফিসের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
নয়াপল্টন
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।পুলিশ ওই এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে। বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টন এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এ ছাড়া ১২টা ২০ মিনিটের দিকে ওই এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ফকিরাপুল
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফকিরাপুল এলাকা থেকে র্যাব দুজনকে মোটর সাইকেলসহ আটক করেছে। তাঁরা হলেন—জিয়াউদ্দিন খান ও শরিফুল ইসলাম। বর্তমানে তাঁদেরকে টিকাটুলিতে র্যাব কার্যালয়ে রাখা হয়েছে। দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর উপপরিচালক এমারত হোসেন।
মিরপুর
মিরপুর বাঙলা কলেজের সামনে যাত্রীবাহী একটি বাসে ভোর ছয়টা ২০ মিনিটের দিকে হরতাল-সমর্থনকারীরা ঢিল ছোড়েন। এতে বাসের কাচ ভেঙে যায়। একপর্যায়ে তাঁরা বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে সেটি করতে ব্যর্থ হয়ে তিন থেকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। মিরপুর ৬ নম্বর সেকশনে কাঁচাবাজার-সংলগ্ন মসজিদের পাশ থেকে মিছিল বের করার চেষ্টা করেন হরতাল-সমর্থকেরা। পাশে থাকা পুলিশ বক্সের পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের হটিয়ে দেন। এ সময় হরতাল-সমর্থকেরা একটি ককটেল বিস্ফোরণ ঘটান।মিরপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মিরপুরে সকালে যান চলাচল বেশ কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়ে। পুলিশ-র্যাবের টহল জোরদার করা হয়েছে।
কারওয়ান বাজার
কারওয়ান বাজারে ইত্তেফাক অফিসের সামনে ভোর পাঁচটা ২০ মিনিটের দিকে একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি রাস্তায় দাঁড়ানো ছিল। চালক ও তাঁর সহকারী এ সময় রাস্তার পাশের একটি দোকানে চা খাচ্ছিলেন। বাসে কোনো যাত্রী ছিলেন না।