রাজধানীতে শিবির সন্দেহে ৪০ জন আটক
রাজধানীর উত্তরা ও মালিবাগ এলাকা থেকে গতকাল শনিবার ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ।উত্তরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরে পঞ্চাশের অধিক শিবিরের নেতা-কর্মী জড়ো হন। তাঁরা ওই এলাকায় দায়িত্বরত পুলিশের একটি দলকে উদ্দেশ করে ইটের টুকরা ছোড়েন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এরপর পুলিশ ধাওয়া দিলে শিবিরের নেতা-কর্মীরা আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে ঢুকে পড়েন। পরে পুলিশ বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ২২ জনকে আটক করে। পুলিশের উত্তরা অঞ্চলের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, আটক হওয়া ব্যক্তিরা সবাই জামায়াত-শিবিরের কি না, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এর আগে গতকাল সকাল ১০টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় শিবিরের কয়েক শ নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা হঠাৎ মিছিল নিয়ে রামপুরা কাঁচাবাজার এলাকার দিকে যেতে থাকলে মাঝপথে আরও কয়েক শ নেতা-কর্মী মিছিলে যোগ দেন। কাঁচাবাজারের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে সেখান থেকে শিবির কর্মী সন্দেহে ১৮ জনকে আটক করে।পুলিশের রমনা অঞ্চলের ডিসি নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মারধরের অভিযোগ: পুলিশের সঙ্গে থেকে যুবলীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীদের মারধর করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।শফিকুর রহমান বলেন, দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি, রিমান্ডে নিয়ে নির্যাতন বন্ধ করা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেওয়া গতকালের প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশ বাধা দিয়েছে, নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি এর নিন্দা জানান।বিবৃতিতে জামায়াতের এই নেতা তথ্যমন্ত্রীর একটি বক্তব্যের প্রতিবাদ জানান। গতকাল যশোর সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে গোলাম আযম, নিজামী, মুজাহিদ, সাঈদী, কাদের মোল্লা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হানাদার বাহিনীর সঙ্গে এক হয়ে ধর্ষণ, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এবং মদদ দিয়েছে।’ বিবৃতিতে শফিকুর রহমান দাবি করেন, জামায়াতের শীর্ষপর্যায়ের নেতাদের একাত্তর সালে এসবের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না। তাঁদের ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে।