রাজধানীতে শিবিরের চার নেতা আটক
নিজস্ব প্রতিবেদকরাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে আজ শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকে আটক করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মুহসেনুল কবির, কমিটির সদস্য ইয়াসিন আলী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক। তবে মানিক বর্তমানে জামায়াতের লিয়াজোঁ কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে। শিবির নেতাদের আটক হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে নাশকতার ষড়যন্ত্র করছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় একটি কম্পিউটার, একটি ল্যাপটপ, শিবিরের দলীয় বইপুস্তক এবং লিফলেট উদ্ধার করে পুলিশ।