রাজধানীতে শিবিরের ৫৭ জন গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ ও উত্তরা থেকে ছাত্রশিবিরের ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে আজিজ সুপার মার্কেটের পেছনের একটি মেস থেকে শিবিরের ২১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের ১৯ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গ্রেপ্তারের পর আজ তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে শিবিরের ৩৬ জন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পেছনের একটি মেস থেকে ২১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই শিবির কর্মী। গোপনে তারা বৈঠক করছিল।গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ওসি বলেন, ওই মেসে তারা রাষ্ট্রবিরোধী বৈঠক করছিল। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র ও ছাত্রলীগের ৭৪ জন নেতা-কর্মীর নামের একটি তালিকাও রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।গ্রেপ্তারকৃতরা হলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের ছাত্র মহাব্বত আলী, অর্থ সম্পাদক ও ইসলামিক শিক্ষা বিভাগের ছাত্র আবুল কাশেম, প্রকাশনা সম্পাদক এবং ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র জামাল উদ্দিন ও হাফিজুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মোহাম্মদ হাবিব, গণিত বিভাগের নাইমুল ইসলাম, অনুজীব বিজ্ঞান বিভাগের সাখাওয়াত হোসেন, প্রাণিবিজ্ঞান বিভাগের হাদিয়ার রহমান, লোকপ্রশাসন বিভাগের শফিউল্লাহ খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আবদুল গফুর, ইংরেজি বিভাগের ময়েন উদ্দিন, ফলিত রসায়ন বিভাগের মো. কবির ও এহতেসামুল হক, সমাজবিজ্ঞান বিভাগের ইনসানাল, মুনতাসীর মামুন ও আতিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের আমিনুল ইসলাম, আরবি বিভাগের ইব্রাহিম খলিল এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের মাসুদ রানা। গ্রেপ্তার অপর দুজন হলেন ঢাকা কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ছাব্বির এবং আইবিআইটি বিভাগের ছাত্রী আলমগীর হোসেন।পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের পক্ষে জামিন চাওয়া হলে হাকিম মুহাম্মদ আবদুর রহিম সে আবেদন নাকচ করে ২১ জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। উত্তর অঞ্চলের উপপুলিশ কমিশনার নিসারুল আরিফ প্রথম আলোকে জানান, ১৪ নম্বর সেক্টরের একটি মেসে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে ছাত্রলীগের একজন কর্মী নিহত হওয়ার পর সেখানকার শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে এমন তথ্য পাওয়ার পর এ অভিযান চালানো হয় বলে তিনি জানান। উত্তরা থানার পুলিশ জানায়, ওই মেস থেকে ৫০ জনকে আটক করা হয়েছিল। তাদের কাছ থেকে সরকারবিরোধী ও জিহাদি বই-লিফলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩৬ জনকে সন্দেহ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার পর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রশিবিরের বিরুদ্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক চিরুনি অভিযানের নির্দেশ দেওয়ার পরই শাহবাগে অভিযান চালানো হলো।