রাজধানীতে শিশুচোর চক্রের একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু চুরি করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে, এমন একটি চক্রের অন্যতম হোতাকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম শরিফুল ইসলাম ওরফে কোরবান। তাঁকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল।আজ বুধবার র‌্যাবের সদর দপ্তরে এ বিষয়ে একটি সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে শরিফুল শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। সংবাদ ব্রিফিংয়ে র‌্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানান, এ চক্র বাচ্চাদের হাত-পা কেটে, বিকৃত করে ও নানা নির্যাতন চালিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে। এ চক্রকে খুঁজে পেতে র‌্যাবকে সহায়তা করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন আইনজীবী এলিনা খান এবং ব্ল্যাকট্রুথ প্রোডাকশন্স সেন্টারের পরিচালক অভিনেত্রী রোকেয়া প্রাচী। এক টেলিভিশন অনুষ্ঠান থেকে তাঁরা এ ব্যাপারে তথ্য জানতে পেয়ে র‌্যাবকে জানান।শরিফুল আরও জানান, তাঁদের দলের প্রধান ওমর ফারুক। কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকায় তাঁদের আস্তানা।উল্লেখ্য, শিশুচোর চক্রের হাতে পড়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত নেয়ামুল নামের সাত বছরের এক শিশুকে হাজির করা হয়। সে তার ওপর নির্যাতনের নানা তথ্য দেয়।