রাজধানীতে শুরু হচ্ছে ২০ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান
রাজধানী থেকে ২০ বছরের পুরোনো বাস, মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক, কাভার্ডভ্যান তুলে দেওয়ার লক্ষ্যে ১৫ জুলাই থেকে বিশেষ অভিযান শুরু হবে। এ অভিযানের লক্ষ্যে ইতিমধ্যেই ১৫ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা জেলা প্রশাসকের অধীনে কাজ করবেন। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অধীনে দুজন ম্যাজিস্ট্রেট নিজেদের মতো করে অভিযান চালাবেন। আজ বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, অভিযানে ফিটনেসবিহীন গাড়িও ধরা হবে। সম্প্রতি বিআরটিএ ফিটনেসবিহীন ৮০ হাজারেরও বেশি গাড়ির তালিকা করেছে। ওই তালিকা ধরেই এ অভিযান চলবে।বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে যোগাযোগসচিব, বিআরটিএর চেয়ারম্যান, ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।